প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় গতকাল থেকে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০টি বিতার্কিক দল অংশ নিচ্ছে l ছবি: প্রথম আলো
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় গতকাল থেকে তিন দিনব্যাপী বিতর্ক উৎসব শুরু হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০টি বিতার্কিক দল অংশ নিচ্ছে l ছবি: প্রথম আলো

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় ষষ্ঠ প্রথম আলো-আরডিএস জাতীয় বিতর্ক উৎসব শুরু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে তিন দিনের বিতর্ক উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানী।
উৎসবে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০টি বিতার্কিক দল অংশ নিচ্ছে। উৎসব শুরুর দিনে প্রথম থেকে অষ্টম শ্রেণির শিশু বিতর্ক ও নবম-দশম শ্রেণির স্কুল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার একাদশ ও দ্বাদশ শ্রেণির কলেজ বিতর্ক অনুষ্ঠিত হবে। শেষ দিনে রয়েছে সব পর্যায়ের চূড়ান্ত বিতর্ক ও সমাপনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুজ্জামান সুবহানী বিতার্কিকদের উদ্দেশে বলেন, ‘বিতর্ককে ঘিরে এই মিলনমেলাকে আমরা উৎসব বলছি। তোমরা এখানে কোনো প্রতিযোগিতামূলক মনোভাব রেখো না। তাহলে হার-জিতের বিষয়টি চলে আসবে, যেটা কখনোই মূল কথা নয়। মূল বিষয়টি হচ্ছে অংশগ্রহণ এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ভেতর দিয়ে নিজেদের সমৃদ্ধ করা।’
বিশেষ অতিথি প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র বলেন, ‘সাহিত্য, চিত্রকলার মতো বিতর্কও শিল্পের একটি মাধ্যম, যা আমাদের সামনে পৃথিবী দেখার নতুন একটি জানালা খুলে দেয়।’
উৎসবের আহ্বায়ক ও কলেজের জ্যেষ্ঠ উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগমের ভাষ্য, ‘নিজের বক্তব্য প্রতিষ্ঠিত করতে যুক্তি, দৃষ্টিভঙ্গিতে সবকিছু স্বচ্ছভাবে দেখার প্রবণতা এবং অন্তরে বিরুদ্ধ মতের প্রতি শ্রদ্ধাই হচ্ছে বিতর্কের মূল সুর।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান মাই একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা মেজর (অব.) এ টি কে এম ইকবাল, রেসিডেনসিয়াল মডেল কলেজের বিতর্ক ক্লাব রেমিয়ানস ডিবেটিং সোসাইটির (আরডিএস) সভাপতি মেঘমল্লার বসু ও সাধারণ সম্পাদক শাহরিয়ার পান্থ।
উৎসবে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন কলেজের সহকারী অধ্যাপক সাবেরা সুলতানা।