প্রথম আলো-ডেইলি স্টার সেরা করদাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এবার প্রথমবারের মতো দেশের ৮৪ পরিবারকে  দেওয়া হয় ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি। ছবিতে বাঁ থেকে সম্মাননা পাওয়া ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান l ছবি: প্রথম আলো
জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে এবার প্রথমবারের মতো দেশের ৮৪ পরিবারকে দেওয়া হয় ‘কর বাহাদুর পরিবার’ স্বীকৃতি। ছবিতে বাঁ থেকে সম্মাননা পাওয়া ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম, মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন রোকিয়া আফজাল রহমান ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান l ছবি: প্রথম আলো

দেশের ৮৪টি পরিবারকে প্রথমবারের মতো ‘কর বাহাদুর পরিবার’-এর স্বীকৃতি দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দীর্ঘদিন ধরে নিয়মিত কর দেওয়ায় ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর পরিবারকেও এই সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে সম্মাননার ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর ভবনে কর বাহাদুর পরিবার ও সেরা করদাতার সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়। স্বীকৃতি পাওয়া পরিবারগুলোর মধ্যে প্রথম স্থানে আছে ড্রাগ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী খাজা তাজমহল ও তাঁর পরিবার। দ্বিতীয় স্থানে আছে রাজধানীর পুরানা পল্টন লাইনের ব্যবসায়ী এ বি এম শফিউল আলম ও তাঁর পরিবার। তৃতীয় অবস্থানে রয়েছে লতিফুর রহমান ও তাঁর পরিবার।

একই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিতে সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর কার্ড দেওয়া হয়। সেরা করদাতার ‘প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া’ শ্রেণিতে কর কার্ড পাওয়া চারটি প্রতিষ্ঠানের প্রথম তিনটি হলো ট্রান্সকম গ্রুপের মিডিয়া স্টার লিমিটেড (প্রথম আলো) ও ট্রান্সক্রাফট লিমিটেড এবং মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড (ডেইলি স্টার)। গতবারও এই তিনটি প্রতিষ্ঠান এই সম্মাননা পেয়েছে। অপরটি হলো ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড।

সাংবাদিক শ্রেণিতে সর্বোচ্চ করদাতা হয়েছেন মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেড থেকে প্রকাশিত দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনাম। সর্বোচ্চ কর দিয়েছেন এমন পাঁচজন সাংবাদিককে এবার কর কার্ড দেওয়া হয়। তাঁদের মধ্যে আছেন মিডিয়া স্টার লিমিটেড থেকে প্রকাশিত বাংলা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। এই দুজন সম্পাদকের হাতে কর কার্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। গতবারও তাঁরা এই সম্মাননা পেয়েছিলেন। কর বাহাদুর পরিবারের স্বীকৃতি ছাড়াও সব মিলিয়ে ট্রান্সকম পরিবারের তিনটি প্রতিষ্ঠান এবং দুজন সেরা করদাতার সম্মাননা পেলেন।

সাংবাদিক শ্রেণিতে চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও সমকাল সম্পাদক গোলাম সারওয়ারও কর কার্ড পেয়েছেন।

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান।

সম্মাননা পাওয়ার পর লতিফুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, এনবিআরের সেবার মান আগের চেয়ে উন্নত হয়েছে। তবে আরও উন্নত করা উচিত। তিনি বলেন, কীভাবে করের টাকা খরচ হবে, তা বাজেটের মধ্য দিয়ে নির্ধারণ করে সরকার। তবে করদাতাদেরও বিভিন্ন ধরনের চাওয়া-পাওয়া আছে। যেহেতু তাঁরা কর দেন, তাই তাঁদের চাওয়া-পাওয়ার বিষয়ে সরকারের আরও যত্নবান হওয়া উচিত।

মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের পক্ষ থেকে কর কার্ড নেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি আমাদের জন্য বিরাট গর্বের বিষয়। পুরস্কার পাওয়ার আগে থেকেই আমরা অনেক কর দিচ্ছি। এত দিন সংবাদপত্রের জন্য আলাদা শ্রেণি না থাকায় সেটি বোঝা যেত না। সংবাদপত্রের আলাদা শ্রেণি হওয়ার পর গত বছরও আমরা সেরা করদাতার পুরস্কার পেয়েছিলাম, এবারও পেলাম। আশা করি এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

গতকালের অনুষ্ঠানে ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমানের হাতে মিডিয়া স্টার লিমিটেডের কর কার্ড ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। আর ট্রান্সক্রাফট লিমিটেডের পক্ষে এই সম্মাননা নেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জালালউদ্দিন আকন্দ। ট্রান্সক্রাফট লিমিটেড থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা ছাপা হয়।

সম্পাদকের কথা
নীতিনিষ্ঠ সাংবাদিকতার পূর্বশর্ত আর্থিক সততা

প্রথম আলোরসম্পাদক-প্রকাশক হিসেবে সংবাদপত্র শ্রেণিতে পরপর দুই বছর সর্বোচ্চ করদাতা হওয়ার গৌরব আমরা অর্জন করেছি। একইভাবে আমাদের সহযোগী প্রতিষ্ঠান ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম একই সম্মান অর্জন করেছেন। প্রথম আলোর মালিকানা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেড এবং ডেইলি স্টার-এর মালিকানা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানের সম্মান পেয়েছে। শুধু তা-ই নয়, এই দুটি পত্রিকার প্রকাশনা প্রতিষ্ঠান ট্রান্সক্রাফট লিমিটেডও (ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান) একই সম্মান লাভ করেছে। এসব প্রতিষ্ঠানের মালিক লতিফুর রহমান ও তাঁর পরিবারকে ‘কর বাহাদুর’ পরিবারের সম্মাননা দেওয়া হয়েছে।

প্রথম আলোর সম্পাদক-প্রকাশক ও কর্মীদের পক্ষে আমাদের পরিচালনা পর্ষদকে আন্তরিক ধন্যবাদ। প্রকাশনার প্রথম দিন থেকে আর্থিক স্বচ্ছতা ও সর্বোচ্চ নৈতিকতা বজায় রাখার পাশাপাশি সরকারকে যথাযথভাবে কর দেওয়ার বিষয়ে তাঁরা সচেষ্ট ছিলেন।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, পাঠকের আস্থা ও বিশ্বাসযোগ্যতা প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানের মূল শক্তি হওয়া উচিত। এটি চাইলেই পাওয়া যায় না, অর্জন করতে হয়। এগুলো অর্জন করতে হলে শুধু নীতিনিষ্ঠ সাংবাদিকতাই নয়, আর্থিক স্বচ্ছতার বিষয়ে খুবই পরিষ্কার থাকতে হয়। আমরা বিশ্বাস করি, আর্থিক সততা হলো মুক্তচিন্তা ও নীতিনিষ্ঠ সাংবাদিকতার পূর্বশর্ত। আমরা যদি এ বিষয়ে পরিষ্কার না থাকি, তাহলে স্বাধীনভাবে ও নির্ভয়ে কীভাবে লিখব? সৎ সাংবাদিকতার ধারা বজায় রাখতে আমরা পাঠক ও বিজ্ঞাপনদাতাদের অব্যাহত সমর্থন চাই। আর গণমাধ্যমের জন্য আলাদা করদাতার স্বীকৃতি প্রবর্তনের জন্য সরকার ও জাতীয় রাজস্ব বোর্ডকে আমরা বিশেষ ধন্যবাদ জানাই।