প্রথম কাজ ঢাকাকে বাসযোগ্য করা: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন
সাঈদ খোকন

মেয়র নির্বাচিত হলে ঢাকাকে বাসযোগ্য করে তোলাই হবে সাঈদ খোকনের প্রথম কাজ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত এই মেয়র প্রার্থী আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করার সময় এ কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘মেয়র হলে আমার প্রথম কাজ হবে ঢাকাকে বাসযোগ্য করা। এরপরই আমি ঢাকাকে বিশ্বমানের নগরী করব। বিশ্বের সব সিটির নাগরিকেরা যেসব সেবা পায়, ঢাকাবাসীকেও সেসব সেবা দেব।'
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রটোকলে সাঈদ খোকন প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ এনেছেন বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। এর জবাবে সাঈদ খোকন বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি তিনি শ্রদ্ধাশীল। কাউকে তিনি ছোট করে দেখেন না। তিনি যে অভিযোগ করেছেন সেটা অমূলক।
মির্জা আব্বাসকে মুক্তি না দিলে নির্বাচনের সম পরিবেশ হবে কি না?-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আইন-আদালতের বিষয়। প্রার্থী হিসেবে আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’
সাংবাদিকদের উদ্দেশ্য করে খোকন বলেন, ‘আমি আপনাদের কাছে দোয়া নিতে এসেছি। জাতি হিসেবে আমাদের যে সমস্ত অর্জন, সবগুলোর পেছনে সাংবাদিকদের অবদান আছে। আমরা যে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ, সেটা গণতান্ত্রিক শক্তির সঙ্গে অপশক্তির। এই যুদ্ধে আপনাদের (সাংবাদিক) সহযোগিতা প্রয়োজন।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে খোকন বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আচরণবিধির প্রতি যত্নবান। সব বিধি অনুযায়ী প্রচার চালাতে সর্বাত্মক চেষ্টা করব।’ তিনি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আমার প্রয়াত পিতা মেয়র হানিফ আপনাদের জন্য জীবন উৎসর্গ করেছেন। আমিও আপনাদের সবার জন্য আমার জীবন উৎসর্গ করতে চাই। আপনাদের (সাংবাদিক) সবার সুখে-দুঃখে পাশে থাকব। আমাকে একটা ভোট দেবেন। দোয়া ও আদর দেবেন।’

এ সময় আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক, খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কা‌ন্তি দাস, সুজিত রায় নন্দী, শামসুল হক, শাহে আলম মুরাদ এবং সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, আবদুল জলিল ভূইয়া, শাবান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।