প্রথম চালানে সিনোফার্মের ২০ লাখ টিকা আসছে
চীনের সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকার চালান খুব শিগগির বেইজিং থেকে ঢাকায় আসছে। বাণিজ্যিক চুক্তির আওতায় প্রথম চালানে বাংলাদেশে আসছে সিনোফার্মের ২০ লাখ টিকা।
আজ বুধবার দুপুরে ঢাকায় চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান প্রথম আলোকে এই তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশের উড়োজাহাজে করে সিনোফার্মের ওই টিকার চালান বেইজিং থেকে ঢাকায় আনা হবে।
চীনের চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস গ্রুপ বা সিনোফার্মের কাছ থেকে দেড় কোটি ডোজ টিকা কিনতে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে।
সিনোফার্ম থেকে টিকা কেনার বিষয়টি গত মাসে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পায়।
চীন গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার হিসেবে দেয়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়।
গত ২১ পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সিনোফার্মের আরও ছয় লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দেন। বাংলাদেশকে দেওয়া চীনের দ্বিতীয় দফা উপহারের সিনোফার্মের এই টিকা ১৩ জুন ঢাকায় আসে।