প্রথম ছুটির দিনে বাণিজ্য মেলায় ভিড়, তবে বিক্রি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল আকারের মুরগি, মিকি মাউস ঘুরে বেড়াচ্ছে। তাদের সঙ্গে মানুষের ছবি তোলার হিড়িক। শিশুরা আবার এসব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। গতকাল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) প্রথম ছুটির দিনে মানুষের বেশ ভিড় ছিল। তবে বিক্রেতারা বলছেন, বিক্রি বাড়বে আরও পরে।
গত রোববার রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছে ২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় শিশুদের আকৃষ্ট করতে আছে হরেক রকম আয়োজন। নাসিমা আকতার ভাগনিকে নাগরদোলায় চড়িয়েছেন। তিনি বলেন, ‘বাচ্চাদের খেলার ব্যবস্থা করায় ভালো হয়েছে। ওরাও বিরক্ত হয় না। আমরাও একটু শান্তি পাই।’ শিশুদের খেলার জায়গায় আছে নাগরদোলা, চরকি, সাম্পান, ট্রেন, কপ্টারসহ অ্যানিমেশন সিনেমা। শিশুদের সঙ্গে বড়রাও পাল্লা দিয়ে চড়ছেন নাগরদোলায়।
গতকাল শুক্রবার ছিল মেলার প্রথম ছুটির দিন। ক্রেতারা অপেক্ষা করছিলেন ছুটির দিনে মেলায় ঢুঁ দেওয়ার জন্য। আর বিক্রি এদিন থেকেই বাড়বে বলে আশায় ছিলেন বিক্রেতারা। আসবাব, ঘর সাজানোর পণ্য ও প্লাস্টিকের পণ্যের স্টলে তুলনামূলক ভিড় বেশি ছিল। যাঁদের হাতে ব্যাগ দেখা গেছে, মোটামুটি সবার সঙ্গেই ছিল ঘরের সামগ্রী বা প্লাস্টিক পণ্যের ব্যাগ।
মেলায় শুধু ঘুরতে আসা লোকের সংখ্যাও কম নয়। কলেজপড়ুয়া তারেক হাসান বন্ধুদের নিয়ে ঘুরছেন। তিনি বলেন, ‘কী কিনব জানি না। মেলার শেষের দিকে হয়তো কিছু কিনতে পারি। তবে এখানে ঘুরতেও ভালো লাগে।’ ক্রেতাদের আকৃষ্ট করতে প্যাভিলিয়নগুলোও নানাভাবে সেজেছে। ‘মোজো’-এর প্যাভিলিয়নে ছবি তোলার হিড়িক। গোলাকৃতি কাঠামোর প্যাভিলিয়নটির দোতলায় বাইরের দিকে মানুষের ভিড়। আসবাবের প্যাভিলিয়নে দেখা গেল, কেউ সোফায় পা দুলিয়ে বসেছেন। কেউ দোলনায় চড়ছেন।
বিক্রেতারা বলছেন, ভিড় বেড়েছে, তবে বিক্রি সেভাবে শুরু হয়নি। তুরস্কের প্যাভিলিয়নের ল্যাম্পশেড স্টলের বিক্রয়কর্মী হোসনা বেগম বলেন, ‘গতবার শুরু থেকেই বিক্রি ভালো ছিল। এইবার তো মানুষ আসে আর ছবি তোলে।’ আরএফএলের বিক্রয়কর্মী হাসনাহেনা কাকলি বললেন, বৃহস্পতিবার থেকে বিক্রি কিছুটা বেড়েছে। তিনি আশা করছেন, ১০ তারিখের পর মূল বেচাকেনা শুরু হবে।
এবার বাংলাদেশ ছাড়াও ২০টি দেশ অংশ নিয়েছে। বিদেশি স্টলগুলোতে মানুষের আগ্রহ অনেক। মেলার শেষ দিকে কিছুটা কমে পণ্য পাওয়া যাবে বলে অনেকেই এখন শুধু ঘুরে দেখছেন। কয়েকজন অভিযোগ করলেন, মেলায় খাবারের দাম বেশি।
মেলায় গেটের কাছে একটি ম্যাপ সাঁটা। পুরো ম্যাপ ছোট ছোট অক্ষরে ইংরেজিতে লেখা। সেটা দেখে একজন বললেন, ‘এইটা দেইখা কিছু বুঝা যায় না।’
এ বছরের মেলায় বিভিন্ন ধরনের প্যাভিলিয়ন ও স্টল আছে ৫৫৩টি। এখনো অনেক প্যাভিলিয়নে সাজসজ্জার কাজ চলছে। বিক্রি জমে উঠতে আরও কিছু দিন লাগবে।