প্রথম জাতীয় জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত
‘জীবনের আমন্ত্রণে এসো মিলি প্রাণের উৎসবে’ স্লোগান সামনে রেখে প্রথম জাতীয় জীববিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এ উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে। সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ভবনে জাতীয় সংগীতের মাধ্যমে উৎসব শুরু হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন বিজ্ঞান একাডেমির ফেলো, বুয়েটের সাবেক অধ্যাপক আলী আসগর। আয়োজক সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় সমন্বয়ক সৌমিত্র চক্রবর্তী। আন্তর্জাতিক বায়োলজি অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাখহরি সরকার।
সকাল ১০টায় জীববিজ্ঞানের নানা মজার প্রশ্ন নিয়ে শুরু হয় এক ঘণ্টার পরীক্ষা। জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি—এই তিন বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় তিন বিভাগের মোট ৬১ জন বিজয়ী হয়।
উৎসবে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার সানিডেল স্কুলের শৈতী শ্রাবন্তী হালদার। মাধ্যমিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাজউক উত্তরা মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র মনিরুল আলম।