বিশ্বজিৎ দাস হত্যা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মাহবুবুল আলম আকন্দকে আসামিপক্ষের জেরা শেষ হয়েছে।
গতকাল মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এ এই জেরা হয়। এরপর মামলার শেষ তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক তাজুল ইসলামকে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি এবং ২৬ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষীর জন্য দিন ধার্য করা হয়।
সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায় রয়েছে। মামলার শেষ তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার পর সাক্ষী সমাপ্তির আবেদন করা হতে পারে।
গত বছরের ৯ ডিসেম্বর
বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে নিরীহ পথচারী বিশ্বজিৎ দাসকে ছাত্রলীগের কর্মীরা কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ২১ জন কর্মীকে আসামি করে ৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয় মহানগর গোয়েন্দা পুলিশ।
আসামিদের মধ্যে আটজন—রফিকুল ইসলাম, মাহফুজুর রহমান, এমদাদুল হক, রাশেদুজ্জামান, এইচ এম
কিবরিয়া, কাইউম মিয়া, সাইফুল ইসলাম ও রাজন তালুকদার কারাগারে আছেন। বাকি ১৩ আসামি পলাতক রয়েছেন।