২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার প্রথম তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার সাবেক উপপরিদর্শক আমির হোসেন সাক্ষ্য দিয়েছেন। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন সাক্ষ্য গ্রহণ করেন। আজ মঙ্গলবার তাঁকে আসামিপক্ষে জেরার দিন ধার্য করেছেন আদালত।
আমির হোসেন বর্তমানে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক। তিনি সাক্ষ্যে বলেন, মতিঝিল থানার কর্মকর্তা হিসেবে ২০০৪ সালের ২২ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্তভার গ্রহণ করেন। এরপর ঘটনাস্থলের খসড়া মানচিত্র প্রস্তুত করেন। গ্রেনেড হামলার পর ঘটনাস্থলে পড়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, সেন্ডেল, বিস্ফোরিত গ্রেনেডের টুকরা, আওয়ামী লীগের সমাবেশে মঞ্চ হিসেবে ব্যবহৃত ট্রাক জব্দ করেন। এরপর মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি তদন্তসংক্রান্ত নথিপত্র ডিবির কাছে হস্তান্তর করেন।
আমির হোসেন বলেন, ঘটনার পর আওয়ামী লীগ নেতা এম এ জলিল, আ ফ ম বাহাউদ্দিন ও সাবের হোসেন চৌধুরী মতিঝিল থানায় গিয়ে অভিযোগ করেন। তিনি তা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেন।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা অবিস্ফোরিত গ্রেনেড ধ্বংস করা প্রসঙ্গে প্রথম তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, তিনি মতিঝিল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকের কাছে জানতে চান, আদালতের অনুমতি নিয়ে উদ্ধার করা গ্রেনেড ধ্বংস করা হয়েছে কি না। তখন ওসি জানান যে ওপরের নির্দেশে ধ্বংস করা হয়েছে।
গতকাল পর্যন্ত এ মামলায় ২২৩ জন সাক্ষ্য দিয়েছেন।