প্রথম দফায় ইয়েমেন থেকে ফিরলেন ১১ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে ফিরে স্বস্তির নি:শ্বাস ফেললেন এই পরিবারের সদস্যরা। গতকাল বিকেলে শাহজালাল বিমানবন্দরে l প্রথম আলো
দেশে ফিরে স্বস্তির নি:শ্বাস ফেললেন এই পরিবারের সদস্যরা। গতকাল বিকেলে শাহজালাল বিমানবন্দরে l প্রথম আলো

ইয়েমেন থেকে জিবুতি হয়ে ১১ জন বাংলাদেশি গতকাল শুক্রবার বিকেলে ঢাকায় ফিরেছেন। গৃহযুদ্ধ ও সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানে পর্যুদস্ত ইয়েমেন থেকে বাংলাদেশে ফেরা প্রথম দল এটি। এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তাঁরা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে এই লোকজনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এদিকে গতকাল পর্যন্ত ইয়েমেন থেকে ৩০৪ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।
এমিরেটসের ইকে ৫৮৬ ফ্লাইটে ঢাকায় ফেরা ১১ জন বাংলাদেশির মধ্যে আটজন হচ্ছেন নারী ও শিশু। ফ্লাইটটি গতকাল বিকেল সাড়ে পাঁচটায় বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
ভারতের সহায়তায় গতকাল পর্যন্ত ৩০৪ জন বাংলাদেশিকে উদ্ধার করে জিবুতি নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ভারতীয় নৌবাহিনীর জাহাজে করে ইয়েমেনের আল হুদায়দাহ শহর থেকে ২৭২ জনকে এবং সানা থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে ২০ জনকে উদ্ধার করে জিবুতি নেওয়া হয়েছে। অন্য ১২ জন্য প্রবাসী বাংলাদেশি স্বজনদের সহায়তায় উদ্ধার হন। উদ্ধার হওয়া ৩০৪ জনের মধ্য থেকে ১১ জন দেশে ফেরেন।
ইয়েমেন থেকে বাংলাদেশের লোকজনকে প্রত্যাবাসনের জন্য কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে জিবুতিতে একটি প্রত্যাবাসন নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। প্রত্যাবাসন-প্রক্রিয়া সমন্বয়ের জন্য ইতিমধ্যেই কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) এস এম মাহবুবুল আলমকে এপ্রিলের শুরুতে জিবুতি পাঠানো হয়। পরে তাঁর সঙ্গে তুরস্কে বাংলাদেশ দূতাবাসের দুই কর্মকর্তা যোগ দেন।
প্রসঙ্গত, বাংলাদেশ সরকার ইয়েমেন থেকে বাংলাদেশের লোকজনকে নিরাপদে সরিয়ে আনতে ভারতকে অনুরোধ জানায়। বাংলাদেশের অনুরোধে সাড়া দিয়ে ভারত ইতিমধ্যেই সানা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজটি করছে।
এরশাদের সমর্থন: ইউএনবি জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন অভিযানকে সমর্থন জানিয়েছেন। এক বিবৃতিতে এরশাদ বলেন, ‘ইয়েমেনে জঙ্গিদের নির্মূল করতে সৌদি আরবের দায়িত্বশীল ভূমিকাকে পুরোপুরি সমর্থন জানাই। আমি মনে করি, শান্তিপূর্ণ ইয়েমেন থেকে জঙ্গিবাদ দমনে উদ্যোগ নেওয়া না হলে তা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে।’