প্রথম দফায় ৫৬৮ ইউপিতে কাল থেকে ভোট গ্রহণ শুরু
দেশের উপকূলীয় ১২টি জেলার ৫৬৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম দফায় কাল মঙ্গলবার থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে। এসব ইউপিতে ৩ মার্চ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মঙ্গলবার ২৪টি উপজেলার ১৯০ ইউপিতে ভোট গ্রহণ হবে। গতকাল রোববার নির্বাচন কমিশনে থেকে এসব তথ্য জানানো হয়। কমিশন সূত্র জানায়, বরিশালের বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া, পটুয়াখালীর বাউফল, পিরোজপুরের নেছারাবাদ, বরগুনার পাথরঘাটা ও বামনা, ভোলা সদর ও দৌলতখান, ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া, খুলনার বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও দিঘলিয়া, সাতক্ষীরা সদর, দেবহাটা ও আশাশুনি, বাগেরহাটের রামপাল ও মংলা, কক্সবাজারের কুতুবদিয়া এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ১৯০ ইউনিয়ন পরিষদে কাল ভোট গ্রহণ হবে। তবে গতকাল কমিশন থেকে জানানো হয়, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়ন, কলাতলী ও চরদুয়ানি ইউপির ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ৫৭১টি ইউপিতে ভোট হওয়ার কথা। কমিশনের সূচি অনুযায়ী, আগামী ৩০ মার্চ পটুয়াখালীর দশমিনা, পিরোজপুরের কাউখালী, বাগেরহাটের চিতলমারী এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিভিন্ন ইউপিতে ভোট গ্রহণ হবে। ৩১ মার্চ বরিশালের সদর উপজেলা, বাকেরগঞ্জ ও বাবুগঞ্জ, পটুয়াখালীর মির্জাগঞ্জ, পিরোজপুরের ভান্ডারিয়া, বরগুনার সদর ও বেতাগী, ভোলার বোরহানউদ্দিন ও লালমোহন, ঝালকাঠি সদর, সাতক্ষীরার শ্যামনগর ও কালীগঞ্জ, বাগেরহাটের ফকিরহাট ও মোল্লারহাট এবং কক্সবাজারের মহেশখালী উপজেলার ইউপিতে ভোট নেওয়া হবে। ১ এপ্রিল পটুয়াখালীর দুমকী ও কলাপাড়া এবং পিরোজপুরের নাজিরপুর, ২ এপ্রিল পটুয়াখালীর গলাচিপা, পিরোজপুরের সদর ও জিয়ানগর, ভোলার চর তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা, ঝালকাঠির নলছিটি, বাগেরহাটের সদর, কচুয়া, কক্সবাজারের টেকনাফ এবং লক্ষ্মীপুরের কমলনগর এবং ৩ এপ্রিল বরিশালের মুলাদী, মেহেন্দীগঞ্জ ও হিজলা, পটুয়াখালীর সদর, পিরোজপুরের মঠবাড়িয়া, বরগুনার আমতলী, খুলনার রূপসা, ফুলতলা, তেরখাদা ও ডুমুরিয়া, সাতক্ষীরার কলারোয়া ও তালা, বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলা এবং নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বিভিন্ন ইউপিতে ভোট গ্রহণ হবে।কমিশন থেকেই আগে জানানো হয়েছে, দ্বিতীয় দফায় মে মাসে সারা দেশের বাকি ইউপিতে নির্বাচন হবে। ইউপি নির্বাচন পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে ১৪৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গতকাল নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সংবাদ ব্রিফিংয়ে জানান, ‘কিছু এলাকার পরিস্থিতি সন্তোষজনক নয়। আশা করছি, আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে। সে জন্য সংশ্লিষ্ট এলাকায় নির্বাহী হাকিমের সংখ্যা বাড়ানো হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা হলে সংশ্লিষ্ট এলাকায় নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।