খুলনার আলোচিত শিশু রাকিব (১২) হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ গতকাল রোববার শুরু হয়েছে। খুলনা মহানগর দায়রা জজ আদালতে বাদী রাকিবের বাবা নুরুল আলমের সাক্ষ্য নেওয়ার মাধ্যমে মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এ সময় আদালতের বাইরে ছিল বহু উৎসুক মানুষ। আজ সোমবার আরও আটজনের সাক্ষ্য গ্রহণ করা হবে।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটা থেকে বিকেল সোয়া পাঁচটা পর্যন্ত সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়। শুরুতে বাদী নুরুল আলম পুরো ঘটনার বর্ণনা করে আদালতে জবানবন্দি দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। একই সঙ্গে তদন্তে আসামিদের অভিযুক্ত করার বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীদের জেরা করেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী মোমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাক্ষ্যগ্রহণকালে তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষীরা তাঁদের শনাক্ত করেন। বাদী নুরুল আলমের পর ঘটনার সুরতহাল প্রতিবেদন দেওয়া খুলনা থানার উপপরিদর্শক জহিরুল ইসলামসহ ছয়জন সাক্ষ্য দেন।
গত ৩ আগস্ট মোটরসাইকেলের চাকায় হাওয়া দেওয়ার কমপ্রেশর মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে তিনজনের নামে খুলনা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। রাকিব অন্য প্রতিষ্ঠানে কাজ করতে চাওয়ায় শরীফ মোটরসের মালিক মো. শরীফ তাঁকে ওই ভয়াবহ নির্যাতন করেন বলে অভিযোগ।
৫ অক্টোবর শুনানি শেষে মামলার তিন আসামি মো. শরীফ, মিন্টু খান ও শরীফের মা বিউটি বেগমের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়। এরপর ১১ অক্টোবর থেকে টানা পাঁচ দিন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা।
গত ২৫ আগস্ট রাকিব হত্যাকাণ্ডের ২২ দিনের মাথায় খুলনা মহানগর হাকিম আদালতে তিনজনকে অভিযুক্ত করে এবং ৪০ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দাখিল করা হয়। ওই দিন খুলনা মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে মহানগর দায়রা জজ আদালতে বিচারিক কাজের নির্দেশ দেন।
এজাহারভুক্ত তিন আসামিই ঘটনার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনজনই বর্তমানে কারাবন্দী।