বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বন্দরে চাকরি হারানো শ্রমিকদের যাচাই-বাছাই ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম গতকাল মঙ্গলবার থেকে বন্দর স্টেডিয়ামে শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই কার্যক্রমের প্রথম দিনে ৪৬৭ শ্রমিকের নথিপত্র ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এর মধ্যে মাত্র ৬১ জন শারীরিকভাবে সক্ষম নয় বলে শনাক্ত করা হয়েছে। গত ২৬ অক্টোবর ঢাকায় নৌপরিবহনমন্ত্রী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং বন্দরের শ্রমিক নেতাদের ত্রিপক্ষীয় সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চাকরি হারানো শ্রমিকদের আবার ফিরিয়ে আনার এই প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকে বন্দর স্টেডিয়ামের তিনটি কক্ষে ডক শ্রমিক, স্টিভিডোরিং স্টাফ এবং মার্চেন্ট শ্রমিক—এই তিন শ্রেণীর শ্রমিকদের যাচাই-বাছাই করে তিনটি উপকমিটি। এই কার্যক্রমকে এ পর্যন্ত সমর্থন দিয়েছেন ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতারা। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বাধীন শ্রমিকদের আরেক অংশ এ কার্যক্রম প্রত্যাখ্যান করে আগামী ৩১ জানুয়ারি চট্টগ্রাম বন্দর অচলের কর্মসূচি ঘোষণা দিয়েছেন।ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মোহাম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এ কার্যক্রম সঠিকভাবে চলছে কি না, তা পর্যবেক্ষণ করছি। অন্যথায় আজ সমাবেশ থেকে কর্মসূচি দেওয়া হবে।’কমিটি সূত্রে জানা গেছে, গতকাল প্রথম দিনে ডক, মার্চেন্ট ও স্টিভিডোরিং—এই তিন শ্রেণীর ৫৫০ জন শ্রমিককে ডাকা হয়। তবে প্রথম দিনে উপস্থিত ছিলেন ৪৬৭ জন। এর মধ্যে ৬১ জন বাদ পড়েন। বন্দর সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ এ তথ্য জানান।যাচাই-বাছাই: গতকাল বন্দর স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, তিনটি কক্ষের সামনে শ্রমিকেরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। প্রতিটি উপকমিটিতে আটজন করে সদস্য রয়েছেন। আছেন একজন করে চিকিত্সকও। চাকরি ফিরে পাওয়ার আশায় নোয়াখালী থেকে গতকাল বন্দর স্টেডিয়ামে এসেছেন ডক শ্রমিক আলী আহমদ (৫৬)। তিনি বলেন, ‘৩৩ মাস আগে বন্দর থেকে চাকরি হারাই। এখন নতুন করে চাকরির আশায় চলে এসেছি।’ কমিটি সূত্র জানায়, শারীরিক সক্ষমতা ও কাগজপত্র যাচাইয়ের জন্য আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত দুই হাজার ৫০০ শ্রমিক-কর্মচারীকে বন্দর স্টেডিয়ামে ডাকা হয়েছে। এর বাইরে বাদ পড়া শ্রমিকদের আগামী ২ ফেব্রুয়ারি যাচাই করা হবে। তবে নিয়োগের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানা গেছে।