প্রথম দিনই কর্মীশূন্য, আসেননি জয়ও
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনই ছিল প্রায় কর্মীশূন্য। প্রধান অতিথি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও অনুষ্ঠানে উপস্থিত হননি।
দলের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত টানা তিন দিনের কর্মসূচি আয়োজন করেছে আওয়ামী লীগ। এর মধ্যে প্রতিদিন বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যতম।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। আগামী শুক্রবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা।
সরেজমিনে দেখা গেছে, আজকের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাংসদ শেখ ফজলে নূর তাপসের নির্বাচনি এলাকার হাতে গোনা কয়েকজন কর্মী সভাস্থলে হাজির ছিলেন। কম লোক সমাগমের খবর পেয়ে আলোচনা স্থলে সজীব ওয়াজেদ জয় আসেননি। যদিও আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, অসুস্থতার কারণে তিনি (জয়) অনুপস্থিত।
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য প্রথম আলোকে বলেন, ‘জয় না আসার সিদ্ধান্তের পর আমরা আশরাফ (সৈয়দ আশরাফুল ইসলাম) ভাইকে আসতে বলেছিলাম। কিন্তু তিনিও লোক সমাগম না থাকায় সংসদের দোহাই দিয়ে আসেননি। আসলেই আজকে প্রোগ্রামটি “ফ্লপ”হয়েছে।’
সজীব ওয়াজেদ জয় আসবেন না—এ ঘোষণার সঙ্গে সঙ্গে যে কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন, তাঁরাও চলে যেতে শুরু করেন। এর মধ্যে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাউছার প্রমুখ নেতা তাঁদের অনুসারীদের নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
কর্মীশূন্যতার বিষয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, তাড়াহুড়ো করে অনুষ্ঠানের আয়োজন করায় লোক সমাগম হয়নি। লোক বাড়াতে আগামীকাল বেলা ১১টায় ঢাকা মহানগর আওয়ামী লীগ বর্ধিত সভা করবে। খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই মাস ধরে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে দলটি বিভিন্ন বৈঠক করেছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকার দলছুট হলে দল আমলানির্ভর হয়ে পড়ে। ওই হাবিল-কাবিল ও আজাজিল দিয়ে দেশ চলবে না। দেশ চালাতে হলে রাজনীতিকদের প্রয়োজন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দল ছাড়া দেশ হয় নাই। দেশের উন্নয়নের পাশাপাশি দলকেও সংগঠিত ও শক্তিশালী করতে হবে। আমরা উন্নয়ন চাই, গণতন্ত্রও চাই। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মতো শুধু উন্নয়ন এই উপমহাদেশের চলে না। যা হবার হয়ে গেছে। ছাত্রলীগ-যুবলীগকে অবহেলা করে, স্থবির করে কোনোদিন দল এগোতে পারে না, উন্নয়নও হয় না। কিছু কিছু মানুষের বোঁচকা ভরার জন্য দল না।’
বিএনপির ঈদের পর আন্দোলনের হুমকি প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘ঈদের পরও ঈদ আছে। আপনারা কোন ঈদের পর আন্দোলন করবেন?’ বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের আন্দোলন রাখেন! বহু আন্দোলন জনগণ দেখেছে। এখন উন্নয়ন দরকার।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ। পরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের শিল্পীরা ও ব্যান্ডদল দলছুট সংগীত পরিবেশন করে।