প্রথম দিনই টিকিটের জন্য উপচেপড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন সোনার হরিণ! গাবতলীতে দীর্ঘ অপেক্ষার পর ঈদে বাড়ি ফেরার বাসের টিকিট পেয়ে এমন অনুভূতি প্রকাশ করেন এক তরুণ ছবি : সাজিদ হোসেন
এ যেন সোনার হরিণ! গাবতলীতে দীর্ঘ অপেক্ষার পর ঈদে বাড়ি ফেরার বাসের টিকিট পেয়ে এমন অনুভূতি প্রকাশ করেন এক তরুণ ছবি : সাজিদ হোসেন

রাজধানীর গাবতলী। সকাল সাড়ে সাতটা। এস আর পরিবহনের কাউন্টারে তালা খুলে কর্মচারীরা প্রবেশ করলেন টিকিট কাউন্টারে। তবে টিকিটপ্রত্যাশীরা লাইনে দাঁড়িয়েছেন ছয় ঘণ্টা আগেই। গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে—কুছ পরোয়া নেহি। এ মুহূর্তে দুনিয়া উল্টে গেলেও যেন তাঁরা মালুম করবেন না। অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবাই—কখন হাতে আসবে টিকিট নামের সেই সোনার হরিণ।

এ টিকিট যে-সে টিকিট নয়। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার বাসের টিকিট। এর মধ্যে টিকিটপ্রত্যাশীদের লাইন কাউন্টার থেকে প্রায় ২০০ গজ দূরে চলে গেছে। এভাবেই আজ থেকে শুরু হয়েছে রাজধানীর বাইরে বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে ঈদ কাটাতে আকাঙ্ক্ষী মানুষের টিকিট কেনার লড়াই।

একমাত্র ভুক্তভোগীরাই হাড়ে হাড়ে জানেন এ টিকিট কাটার ঝক্কি কেমন। এর পরও আপনজনদের নিবিড় সান্নিধ্যে গিয়ে ঈদ উদযাপনের টান অনেকে উপেক্ষা করতে পারেন না।
শুধু এস আর পরিবহন নয়, অনেক বাসের টিকিট কাউন্টারের সামনে এখন দীর্ঘ সারি। কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানো যাত্রীদের অনেকের অভিযোগ, নির্ধারিত মূল্যের বাইরে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া বেশির ভাগ টিকিট পরিবহনের সংশ্লিষ্টরা নিজেদের কাছে রেখে দিয়েছেন।

টিকিট কাউন্টারের ব্যবস্থাপকেরা বরাবরের মতো এ অভিযোগ অস্বীকার করেছেন।

গাইবান্ধার রায়হানুল ইসলাম বলেন, ‘সেহরির পর রায়েরবাজারের বাসা থেকে রওনা দিয়ে ভেবেছিলাম আমি সবার আগে দাঁড়াব। কিন্তু প্রথম লাইনের প্রথম ব্যক্তিটি নাকি রাত একটায় দাঁড়িয়েছেন। তবে ওই ব্যক্তিটিই সকাল নয়টার সময়ও টিকিট হাতে পাননি!’

ঘণ্টা খানেক পেরিয়ে গেলেও উত্তরাঞ্চলগামী এস আর পরিবহনের টিকিট বিক্রি শুরু করেনি অভিযোগ করে রায়হান জানান, সকাল আটটায় টিকিট বিক্রি শুরু করার সময়সূচি টাঙানো আছে।

গাবতলী বাস টার্মিনালে কাউন্টারগুলোতে টিকিটের লাইন চলে গেছে অনেক দূর   ছবি : সাজিদ হোসেন
গাবতলী বাস টার্মিনালে কাউন্টারগুলোতে টিকিটের লাইন চলে গেছে অনেক দূর ছবি : সাজিদ হোসেন


রায়হানের পেছনে থাকা সজল বলেন, ‘কাউন্টার থেকে যাত্রীদের ভুল তথ্য দেওয়া হচ্ছে। বলা হচ্ছে কল্যাণপুর চলে যান, ওখানে টিকিট পাবেন।’
লাইনে দাঁড়ানো আরও অনেক যাত্রী অভিযোগ করেন, টিকিটপ্রতি প্রায় ৫০ টাকা বেশি রাখা হচ্ছে। গাইবান্ধার একটি টিকিট স্বাভাবিক সময়ে ৪৮০ টাকায় পাওয়া যেত। এখন সেটি ৫২০ টাকা বিক্রি করা হচ্ছে।
এ অভিযোগ অস্বীকার করে এস আর পরিবহনের টিকিট বিক্রেতা মো. আলাল জানান, তাঁরা বিআরটিএর নির্ধারিত মূল্য অনুযায়ী টিকিট বিক্রি করছেন। তিনি বলেন, ‘আজই ঈদের সব টিকিট বিক্রি শেষ হয়ে যাবে। দেখছেন না কত বড় লাইন।’
এস আর পরিবহনের পাশে থাকা সিরাজগঞ্জ ও পাবনাগামী আল হামরা পরিবহনের কাউন্টারের সামনেও একই দৃশ্য দেখা যায়। টিকিটপ্রত্যাশী যাত্রীরাও একই অভিযোগ করেন। বিক্রেতারা এসব অভিযোগ অস্বীকারও করলেন একইভাবে।

কল্যাণপুরে দক্ষিণাঞ্চলে খুলনা, যশোর, সাতক্ষীরাগামী পরিবহনগুলোর ঈদের টিকিটের মূল্য অন্য সময়ের চেয়ে ১৫০ থেকে ৩০০ টাকা বেশি রাখা হচ্ছে বলে জানা গেছে।

এ কে ট্রাভেলসের টিকিট কিনে শাকিল আহমেদ জানান, চেয়ার কোচের ৫০০ টাকার টিকিটের দাম রাখা হচ্ছে ৬৫০ টাকা। শীতাতপ আসনের ৯৫০ টাকার টিকিট বিক্রি হচ্ছে এক হাজার ২০০ টাকা। 

এ ব্যাপারে দক্ষিণাঞ্চলের বিভিন্ন সড়কপথের পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অন্য সময় নির্ধারিত ভাড়ার চেয়ে কম মূল্য রাখা হয়। ঈদের সময় তো লোকসান দিয়ে টিকিট বিক্রি করা যায় না। তা ছাড়া ওপার থেকে তো প্রায় যাত্রীশূন্য হয়ে বাসটি ঢাকায় আসবে।