গতকাল শনিবার থেকে দেশের কলেজগুলোতে একাদশ শ্রেণীর ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিনে সন্ধ্যা ছয়টা পর্যন্ত শুধু অনলাইনে ১৫ হাজার আবেদন জমা পড়েছে।যেসব কলেজে ৬০০ আসন আছে, এবার সেগুলোর বাধ্যতামূলকভাবে অনলাইনে ভর্তির কাজ করতে হচ্ছে। আর তিন শতাধিক আসন থাকা কলেজগুলোতেও সনাতন পদ্ধতির পাশাপাশি অনলাইনে আবেদন করা যাচ্ছে। বাকিগুলো সনাতন পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করতে পারবে। এবার শুধু ঢাকা বোর্ডের অধীন ১৫২টি কলেজে অনলাইনে ভর্তির কাজ চলছে। এর মধ্যে ৪২টি কলেজ ঢাকা মহানগরে অবস্থিত। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে আবেদন করা যাচ্ছে। আবেদনের পদ্ধতি ইতিমধ্যে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও আবেদনের পদ্ধতি দেওয়া আছে। ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর বলেন, অনলাইনে ভর্তির এই প্রক্রিয়া চালুর ফলে শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। আগামী ৬ জুন পর্যন্ত ভর্তির জন্য আবেদন বা খুদে বার্তা গ্রহণ করা হবে। তবে এসএসসির ফল পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে যাদের ফল পরিবর্তন হবে, তারা ভর্তির আবেদনের সময় পাবে আগামী ১৪ জুন পর্যন্ত। বিলম্ব ফি ছাড়া ২৮ জুন ও বিলম্ব ফিসহ ভর্তির শেষ সময় ১২ জুলাই। ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে। আগের মতোই জিপিএর ভিত্তিতে ভর্তি করা হবে। কোনো ভর্তিপরীক্ষা হবে না। ভর্তি হতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে আবেদনপত্রের ফরম ও ভর্তি ব্যবস্থাপনার ব্যয় বাবদ শিক্ষার্থীপ্রতি ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো ছাত্রছাত্রীর কাছ থেকে অনুমোদিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না এবং সব ফি রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে কোনো কোনো অভিভাবক বলছেন, যেসব কলেজে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে, সেগুলোতে মুঠোফোনের খুদে বার্তা খরচ ও বোর্ডের খরচের বাইরে কলেজের জন্য আলাদা খরচ নেওয়া যৌক্তিক নয়। কারণ, অনলাইনে আবেদনের যাচাই-বাছাইয়ে কলেজগুলোর সেই অর্থে ভূমিকা থাকবে না। টেলিটকের সঙ্গে মিলে বোর্ড কর্তৃপক্ষ এই কাজটি করবে।