এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে গতকাল রোববার সারা দেশে ১২ হাজার ৮৮৭ জন অনুপস্থিত ও ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবার পরীক্ষার কেন্দ্রে গেলেও কক্ষের ভেতর প্রবেশ করেননি। কেন্দ্রের বারান্দায় ঘুরে পরীক্ষা দেখেছেন।
গতকাল প্রথম দিনে সাধারণ ও কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণকক্ষের দেওয়া হিসাব অনুযায়ী অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকায় ২ হাজার ১৬৯ জন, চট্টগ্রামে ৮৫৭, রাজশাহীতে ১ হাজার ২৭৬, বরিশালে ৬৭১, সিলেটে ৭৩৭, দিনাজপুরে ১ হাজার ৪৮, কুমিল্লায় ১ হাজার ৪৪৫ জন ও যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী রয়েছে। এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ১ হাজার ৭৯৬, কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৮৮ জন ও ঢাকা বোর্ডের কমার্শিয়াল ইনস্টিটিউটের ৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ৩২ জন কারিগরি বোর্ড, আটজন মাদ্রাসা বোর্ড এবং রাজশাহী, দিনাজপুর ও যশোর বোর্ডে একজন করে পরীক্ষার্থী রয়েছে।
পরীক্ষার সংখ্যা কমিয়ে আনতে কাজ চলছে: পরীক্ষা দেখতে গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রথমে তিনি কেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এরপর ভেতরে গিয়ে ওপরের তলায় কলেজের বারান্দায় ঘুরে ঘুরে পরীক্ষা দেখেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ইউপি নির্বাচন ও নির্বাচনী সহিংসতা এই পরীক্ষায় প্রভাব ফেলবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষার সময় তাঁরা দীর্ঘায়িত করতে চান না। এ জন্য পরীক্ষার সংখ্যা কমিয়ে আনার কাজ চলছে। মন্ত্রী ব্যক্তিগতভাবে মনে করেন, পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই পরীক্ষা শেষ হওয়া উচিত।
শিক্ষামন্ত্রী বলেন, কিছুসংখ্যক শিক্ষক এমন সব পথ অবলম্বন করেন, যা শিক্ষকসুলভ নয়। ধরতে পারলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ বছর দেশের আটটি সাধারণ, মাদ্রাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১২ লাখ ১৮ হাজার ৬২৮।