প্রথম দিনে অনুপস্থিত ৫৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণী স্তরের শিক্ষার্থীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে।এ দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৬১ হাজার ১১৩ জন। তবে প্রথম দিনেই অনুপস্থিত ছিল ৫৫ হাজার ৩৭৩ জন। আর বহিষ্কার হয়েছে ২৮ জন। এর মধ্যে ২৬ জনই মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসির পরীক্ষার্থী। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও তেজগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সারা দেশে নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে।’বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, গতকাল ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১৪ হাজার ৭৫৬ জন, রাজশাহীতে চার হাজার ১৯৬ জন, কুমিল্লায় পাঁচ হাজার ৭৫৮ জন, যশোরে পাঁচ হাজার ১৯৮ জন, চট্টগ্রামে তিন হাজার ৯৮৯, বরিশালে এক হাজার ৬৭৫ জন, সিলেটে ৯৬৫ জন এবং দিনাজপুর বোর্ডে দুই হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। আর জেডিসিতে অনুপস্থিত ছিল ১৬ হাজার ৬১ পরীক্ষার্থী। তবে এর মধ্যে অনেকে আছে, যারা গতবার এক বা দুই বিষয়ে ফেল করেছে। কিন্তু গতকাল তাদের পরীক্ষা না থাকায় অনুপস্থিত হিসেবে দেখানো হয়েছে। গতকাল বাংলা বিষয়ের পরীক্ষা হয়েছে। পরীক্ষা শেষ হবে ২১ নভেম্বর।