প্রথম দিনে অনুপস্থিত ৫৯,৬৮৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। প্রথম দিনে সারা দেশে অনুপস্থিত ছিল ৫৯ হাজার ৬৮৭ জন পরীক্ষার্থী। অনুপস্থিতির হার ২ দশমিক ৫৯ শতাংশ। অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার হয়েছে ১৪ জন পরীক্ষার্থী।

পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছে। এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২২ লাখ ৪৪ হাজার ৭ জন। গতকাল জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কোরআন মাজীদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

নিয়ন্ত্রণকক্ষের দেওয়া হিসাব বলছে, অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১২ হাজার ৫৬০ জন, চট্টগ্রামে ২ হাজার ৭০৫ জন, রাজশাহীতে ৪ হাজার ৮৩৮ জন, বরিশালে ৩ হাজার ২৮৮ জন, সিলেটে ২ হাজার ৬৫০ জন, দিনাজপুরে ৩ হাজার ৬২৫ জন, কুমিল্লায় ৬ হাজার ৪১০ জন, যশোরে ৪ হাজার ৮৪৬ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসিতে ১৮ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

বহিষ্কৃত ১৪ পরীক্ষার্থীর মধ্যে ১১ জনই মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী। বাকিদের মধ্যে দুজন বরিশাল বোর্ডের ও একজন কুমিল্লা বোর্ডের পরীক্ষার্থী। এ ছাড়া মাদ্রাসা বোর্ডের অধীন একজন পরিদর্শককেও বহিষ্কার করা হয়েছে।

এবারও ‘দলবল’ নিয়ে কেন্দ্রে যাননি মন্ত্রী: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে যান। গত দুই বছরের মতো এবারও ‘দলবল’ নিয়ে তিনি কেন্দ্রের ভেতরে যাননি। শুধু শিক্ষাসচিব সোহরাব হোসাইনকে সঙ্গে নিয়ে কিছু সময়ের জন্য কেন্দ্র ঘুরে দেখেন। গণমাধ্যমকর্মীরাও জানালা দিয়ে ছবি তোলেন।

পরে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, অনেক পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করেছেন, তারা খুবই খুশি। তারা মনে করে, প্রশ্ন ভালো হয়েছে, ভালো উত্তর দিতে পারছে। প্রশ্ন ফাঁস রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ার আশঙ্কা একেবারে নেই।

তাঁর আহ্বান অনুযায়ী বেশির ভাগ শিক্ষার্থীই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, এতে ১৫ মিনিট আগে খাতা পেয়ে তারা তথ্য পূরণ করেছে। মূল পরীক্ষা থেকে ওই সময় বেঁচে যাওয়ায় শিক্ষার্থীরাও খুশি। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করা হবে।

শিক্ষামন্ত্রী বাইরে অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান অভিভাবকেরা। তাঁরা সৃজনশীল প্রশ্ন নিয়েও সমালোচনা করেন।