
মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রথম দিনে গতকাল সোমবার অনুপস্থিত ছিল ৬ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। বহিষ্কৃত হয়েছে সাত পরীক্ষার্থী এবং একজন শিক্ষক।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাব অনুযায়ী, অনুপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের ৮৪৭, কুমিল্লায় ৫১০, রাজশাহীতে ৪২৩, যশোরে ৪২৩, দিনাজপুরে ৩০৬, চট্টগ্রামে ২৭৯, সিলেটে ২৫২, বরিশালে ২৫০। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২ হাজার ৫৯৭ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৯৪১ জন অনুপস্থিত ছিল।
অসদুপায়ের জন্য বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে যশোর শিক্ষা বোর্ডে একজন, মাদ্রাসা বোর্ডে একজন ও কারিগরি বোর্ডে পাঁচজন রয়েছে। আর বহিষ্কৃত শিক্ষক হলেন মাদ্রাসা বোর্ডের।
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় এবার মোট পরীক্ষার্থী ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ জন। এসএসসিতে গতকাল বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষামন্ত্রী বললেন, প্রশ্ন ফাঁস আর সম্ভব নয়: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর তেজগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করে বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে কারও পক্ষে প্রশ্নপত্র আর ফাঁস করা সম্ভব হবে না। তাই শিক্ষার্থী ও অভিভাবকদের প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ফাহিমা খাতুন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক প্রমুখ।
ওরাও পরীক্ষা দিল: অটিস্টিক, সেরিব্রালপালসি ও ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত শিক্ষার্থীরাও গতকাল পরীক্ষা দিয়েছে। এদের একজন রাজধানীর পীরেরবাগের ফারিহা তাবাসসুমের বাবা আবুল হাশেম প্রথম আলোকে বলেন, তাঁর মেয়ে প্রথম পরীক্ষাটি ভালোভাবেই দিয়েছে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী এসএসসির তত্ত্বীয় পরীক্ষা আগামী ৮ মার্চ শেষ হবে।