প্রথম দিনে অনুপস্থিত ৬৮ হাজার পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম শ্রেণী স্তরের শিক্ষার্থীদের জন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গতকাল রোববার থেকে শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ৬৮ হাজার ১৫৫ জন শিক্ষার্থী। আর বহিষ্কার হয়েছে ১৫ জন। এর মধ্যে ১২ জনই মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসির পরীক্ষার্থী। বাকি তিনজনের মধ্যে দুজন ঢাকা বোর্ডের এবং একজন দিনাজপুর বোর্ডের।আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে জেএসসি ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলোর তথ্য অনুযায়ী গতকাল ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল ১৫ হাজার ৬০৬ জন, রাজশাহীতে চার হাজার ৩৮৮ জন, কুমিল্লায় দুই হাজার ৮৭১ জন, যশোরে ছয় হাজার ১৩৬ জন, চট্টগ্রামে তিন হাজার ৫৪১ জন, বরিশালে দুই হাজার ৬৬৯ জন, সিলেটে এক হাজার ১২৫ জন এবং দিনাজপুর বোর্ডে দুই হাজার ৪৯২ জন। আর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে অনুপস্থিত ছিল ২৯ হাজার ৩২৭ পরীক্ষার্থী।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে গতকাল ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুলে যান। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা লেখাপড়ায় অনেক বেশি উদ্যমী ও আত্মবিশ্বাসী হয়ে গড়ে উঠছে। একটি জাতীয় সনদ পেয়ে তারা অনেক বেশি আনন্দিত। ঝরে পড়াও কমছে। এ সময় শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান আবদুল নূর প্রমুখ উপস্থিত ছিলেন।