প্রথম দিনে অনুপস্থিত ৮,৫২০, বহিষ্কার ১৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে আজ বৃহস্পতিবার ১০ বোর্ডের অধীন আট হাজার ৫২০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর অসদুপায় অবলম্বনের জন্য বহিষ্কার করা হয়েছে ১৬ জনকে শিক্ষার্থীকে।

শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্য পাওয়া গেছে। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডের অধীন এক হাজার ২৩৯ জন, রাজশাহীতে ৪৩১ জন, কুমিল্লায় ৭১৬ জন, চট্টগ্রামে ৩২৫ জন, বরিশালে ২৯৪ জন, যশোরে ৪৩২ জন, সিলেটে ২৬৫ জন, দিনাজপুর বোর্ডে ৩৬৯ জন, মাদ্রাসা বোর্ডে তিন হাজার ২১২ জন ও কারিগরি বোর্ডে এক হাজার ২৩৭ জন। আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ১০ জন কারিগরি বোর্ডের, পাঁচজন মাদ্রাসা বোর্ডের ও একজন ঢাকা শিক্ষাবোর্ডের।

এদিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলকেন্দ্রে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র যেন সমানভাবে মূল্যায়ন করা হয়, তার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ব্যাখ্যা দিয়ে মন্ত্রী বলেন, একই ধরনের উত্তরের জন্য সব শিক্ষার্থী যেন সমানভাবে নম্বর পেতে পারে, সেই ব্যবস্থা করা হচ্ছে। দুই হাজার প্রধান পরীক্ষককে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁরা বাকি পরীক্ষকদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলবেন। একই ধরনের উত্তরের জন্য উত্তরপত্রে একেক পরীক্ষক একেক রকম নম্বর দেন। এটি যাতে না হয়, সে জন্যই এমন ব্যবস্থা।

ছেলেমেয়েরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিচ্ছে। কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী বলেন, আগে তাঁরা দলবল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতেন। কিন্তু পরীক্ষার্থীদের অসুবিধা এড়াতে গত তিন বছর ধরে সংশ্লিষ্ট দু-একজনকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে গিয়েছেন। এবারও তাই করেছেন। মন্ত্রীর সঙ্গে এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

সময়সূচি অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা আগামী ২ মার্চ শেষ হবে এবং ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে ১১ মার্চ শেষ হবে।