খাগড়াছড়িতে গতকাল বুধবার গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিন অতিবাহিত হয়েছে। তবে রাঙামাটিতে অবরোধ পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে। এদিকে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী আগামী ১০ জুন ভূমিবিরোধ নিষ্পত্তির শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন। গতকাল এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ভূমি কমিশন চেয়ারম্যানের একতরফা শুনানি বাতিল ও কমিশন আইনের বিতর্কিত ধারা সংশোধনের দাবিতে রাঙামাটি ও খাগড়াছড়িতে দুই দিনব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বান্দরবানেও এই কর্মসূচি পালিত হবে। ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন। খাগড়াছড়ির মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী জানান, গতকাল ভোরে মানিকছড়ি উপজেলায় একটি পিকআপে আগুন দেওয়া হয়। তবে তা অবরোধ কর্মসূচির কারণে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ঢাকা থেকে সংবাদপত্র নিয়ে আসা একটি মাইক্রোবাস সকাল সাতটার দিকে সদর উপজেলার আলুটিলা এলাকায় পৌঁছালে সেটি ভাঙচুর করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে আলুটিলা হূদয় মেম্বারপাড়ায় পুড়িয়ে দেওয়া হয় একটি মোটরসাইকেল। বিভিন্ন সূত্রে জানা গেছে, অবরোধে রাঙামাটি ও খাগড়াছড়িতে কোনো যানবাহন চলাচল করেনি। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিত ছিল কম। তবে দোকানপাট ও অফিস-আদালত ছিল খোলা। খাগড়াছড়ি সদরের কয়েকটি সড়কে টায়ার পুড়িয়ে অবরোধ সৃষ্টি করা হয়। ভূমি কমিশনের সচিব আবদুল হামিদ জানান, গতকাল বেলা ১১টায় কমিশন চেয়ারম্যান বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও সদস্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের প্রতিনিধি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. শামসুল আলম চৌধুরী খাগড়াছড়ি শহরের পার্বত্য ভূমি কমিশন কার্যালয়ের এজলাসে আসেন। এ সময় সরকারপক্ষের আইনজীবী আশুতোষ চাকমা মামলার শুনানির জন্য সময়ের আবেদন করেন। কমিশনের চেয়ারম্যান নির্ধারিত ৩৩টি মামলার শুনানির পরবর্তী দিন ধার্য করেন ১০ জুন। এরপর এজলাস শেষ হয়। আজ বৃহস্পতিবার একই সময় আবার এজলাস বসবে এবং ১০টি মামলার শুনানি হওয়ার কথা। ভূমি কমিশনের চেয়ারম্যান ২০১০ সালের ডিসেম্বর থেকে ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য কয়েক দফা শুনানির দিন ধার্য করেছেন। কিন্তু কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিন সার্কেল প্রধান বা রাজা এবং তিন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত না থাকায় বারবার কোরাম সংকট দেখা দেয়। ফলে শুনানি স্থগিত করে পরবর্তী দিন ধার্য করা হয়। সর্বশেষ ২ মে কমিশনের চেয়ারম্যান গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে ‘আইনের বিশেষ বিধানের মাধ্যমে ভূমিবিরোধ নিষ্পত্তি করার’ ঘোষণা দেন।