প্রথম দিনে চট্টগ্রাম স্টেশনে ভিড় কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে শুরু হয়েছে। প্রথম দিনে চট্টগ্রাম স্টেশনে টিকিটের চাহিদা ছিল কম। যদিও ভোর থেকেই কিছু যাত্রী টিকিটের জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন।
রেলওয়ে সূত্র জানায়, সকালের দিকে বিভিন্ন আন্তনগর ট্রেনের টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইন ছিল। বেলা ১১টার মধ্যেই ভিড় কমে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, ১৩ ও ১৪ জুলাইয়ের টিকিটের চাহিদা কম বলে মনে হচ্ছে। আগামী ১৫ থেকে ১৭ জুলাইয়ের টিকিটের জন্য যাত্রীদের অস্বাভাবিক ভিড় থাকতে পারে।’
রেলওয়ে সূত্র জানায়, আগামী ১৩ জুলাই পর্যন্ত টানা পাঁচ দিন টিকিট বিক্রি চলবে। গতকাল বিক্রি হয়েছে ১৩ জুলাইয়ের এবং আজ শুক্রবার বিক্রি হবে ১৪ জুলাইয়ের। আগামী ১৩ জুলাই বিক্রি হবে ১৭ জুলাইয়ের টিকিট। যাত্রীদের কাছে দূর গন্তব্যের আন্তনগর ট্রেনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি।
আবুল হাসান নামের এক ব্যক্তি প্রথম আলোকে বলেন, ‘স্ত্রী ও দুই সন্তান নিয়ে ১৩ জুলাই কুমিল্লা যাচ্ছি। বেলা সোয়া ১১টায় মহানগর গোধূলীর টিকিট পেয়েছি।’
ভৈরবের যাত্রী ফজলে হাসান বলেন, ‘আমি ভোর সাড়ে ছয়টায় স্টেশনে যাই। সকাল নয়টায় টিকিট দেওয়া শুরু হয়। সাড়ে ১০টায় মহানগর প্রভাতীর টিকিট পেয়েছি।’
রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘ঈদের আগাম টিকিট বিক্রির প্রথম দিনে ভিড় কম ছিল। প্রথম দিনে আন্তনগর ট্রেনের প্রায় ৫০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে।’