প্রথম দিনে চারটি কোম্পানিকে সতর্ক করেছে রাজউক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রিহ্যাব মেলায় চারটি কোম্পানিকে সতর্ক করে দিয়েছে। কোম্পানিগুলো প্লট ও অ্যাপার্টমেন্ট—দুটিরই প্রচারণা চালাচ্ছিল এবং বিক্রি করছিল।
কোম্পানিগুলো হলো প্রবাসী পল্লী, নিউভিশন অ্যাপার্টমেন্ট, রিচমন্ড ডেভেলপার, মার্ভেলাস প্রপার্টিজ অ্যান্ড ডেভেলপার।
গতকাল রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে।
সন্ধ্যায় রাজউকের ম্যাজিস্ট্রেট এ কে এম মারুফ হাসানের নেতৃত্বে মেলায় অনুমোদনহীন প্রকল্প ও অ্যাপার্টমেন্টের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানকারী দল সতর্ক করে দিলে ওই চারটি কোম্পানি প্লটের প্রচারপত্র ও প্রয়োজনীয় সরঞ্জাম গুটিয়ে নেয়। তবে অ্যাপার্টমেন্টের প্রচারণা, বুকিং ও বিক্রি চালু থাকে।
এ কে এম মারুফ হাসান প্রথম আলোকে বলেন, তাঁরা চারটি কোম্পানির তালিকা রিহ্যাব কর্মকর্তাদের কাছে দিয়েছেন। গত বছর ২১টি কোম্পানিকে সকর্ত করা ছাড়াও আইন অমান্যকারী দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেসব কোম্পানির বেশির ভাগই এবার মেলায় আসেনি।
গতকাল মেলার প্রথম দিন হলেও ক্রেতা-দর্শকদের বেশ ভিড় দেখা যায়। অনেকে প্রচারপত্র সংগ্রহ করেন। কিছু ক্রেতা ফ্ল্যাটের বুকিংও দেন। রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, প্রথম দিনে ক্রেতা-দর্শকদের অভাবনীয় সমাগম দেখে মনে হচ্ছে এবারের মেলা সফল হবে।