প্রথম দিনে ট্রেনের যাত্রায় স্বস্তি
কোথাও তেমন জটলা নেই। ভিড় নেই। যাত্রীদেরও নেই কোনো অভিযোগ। যথানিয়মে আসছে-যাচ্ছে ট্রেন। আজ ভোরে ঈদের বিশেষ ট্রেন চালুর পর কমলাপুর রেলস্টেশনের চিত্র এ রকমই। যাত্রীরা বললেন, এই সময়ে ট্রেনের যাত্রা স্বস্তিকর।
কুড়িল-বিশ্বরোড এলাকায় ‘কুড়িল উড়ালসেতু’ উদ্বোধন অনুষ্ঠান থাকায় দুটি ট্রেন সময়মতো ছেড়ে যেতে পারেনি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ রোববার থেকে কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রা করেছে ঈদের বিশেষ ট্রেন। ঢাকা-জামালপুরগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি প্রথম ঢাকা ছেড়ে যায়। এরপর ধূমকেতু, সুন্দরবন, পারাবত, তিস্তা, মহানগর প্রভাতী ও এগারসিন্দুর ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে কয়েকটি ট্রেনের পাঁচ থেকে ১০ মিনিট আসতে ও ছেড়ে যেতে দেরি হয়েছে। তবে অগ্নিবীণা ও একতা একপ্রেস সকাল সোয়া নয়টার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বেলা ১১টার দিকে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
কমলাপুর স্টেশন ম্যানেজার খায়রুল বশীর প্রথম আলো ডটকমকে জানান, আজ রোববার ভোর থেকে মোট ৬৬ জোড়া ট্রেন কমলাপুর ছেড়ে যাবে। প্রতিদিন ১৭ হাজার যাত্রী আন্তনগর এক্সপ্রেসে যাত্রা করতে পারবে। তবে ঈদ উপলক্ষে লোকাল ও মেইল মিলিয়ে প্রতিদিন ৪৬ হাজার যাত্রী ট্রেন ভ্রমণ করতে পারবে। যাত্রীদের সেবার জন্য ট্রেনের সঙ্গে সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে কর্তব্যরত রেল পুলিশের উপপরিদর্শক রফিকুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘টিকিট কাটা থেকে শুরু করে গন্তব্যে পৌঁছে দেওয়া পর্যন্ত যাত্রীদের সেবা দিতে আমরা কাজ করে যাচ্ছি। টিকিট সংগ্রহের সময় কিছু কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আর কোনো কালোবাজারি পাওয়া যায়নি।’
রেলে যাত্রীদের ভিড় না থাকার বিষয়ে জানতে চাইলে স্টেশন ম্যানেজার খায়রুল বশীর প্রথম আলো ডটকমকে বলেন, ‘যাত্রীদের দ্রুত বাড়ি ফেরা নিশ্চিত করতেই আমরা কাজ করছি।’
রেলের কয়েকজন কর্মকর্তা বলেছেন, সরকারি ছুটি শুরু হলে বাড়তি যাত্রীর চাপ বোঝা যাবে। এখন সরকারি অফিস-আদালত খোলা থাকায় কমলাপুরে তেমন ভিড় নেই। শিকড়ের টানে ও পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের জন্য ঘরমুখো মানুষ এখন স্বস্তির সঙ্গে ট্রেন ভ্রমণ করতে পারছেন। নিয়মিত বিরতিতে সময়মতো ট্রেনে ছেড়ে যাচ্ছে।