মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র: জাহিদ হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু
প্রথম দিনে তিনজনের সাক্ষ্য
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির পলাতক নেতা জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে রাষ্ট্রপক্ষে তিনজন সাক্ষ্য দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা জাহিদকে ‘খোকন রাজাকার’ অভিহিত করে একাত্তরে মুক্তিযুদ্ধকালে তাঁর বিরুদ্ধে হত্যা, ধর্ষণসহ নানা মানবতাবিরোধী অপরাধের বর্ণনা দেন।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ গতকাল রাষ্ট্রপক্ষের এই তিন সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান।
রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী আবুল কাশেম জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের কোদালিয়া গ্রামে। একাত্তরের ২৭ এপ্রিল জাহিদ হোসেন ও তাঁর সহযোগীরা ফরিদপুরের বনগ্রামে হামলা চালিয়ে বাড়িঘর লুণ্ঠন ও অগ্নিসংযোগের পর ১৭ জন গ্রামবাসীকে আটক করেন। ওই ১৭ জনকে নগরকান্দা থানায় নিয়ে দুই দিন আটকে রেখে নির্যাতন করা হয়। পরে গ্রামবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে তাঁদের মুক্তি দেওয়া হয়।
আবুল কাশেম বলেন, একাত্তরের ২৭ মে রাজাকারদের সঙ্গে নিয়ে জাহিদ বণিকপাড়ার চাঁদহাট গ্রামে যান। সেখানে ঘরবাড়ি লুণ্ঠনের পর তিন নারীকে ধর্ষণ করা হয়। এর তিন দিন পর পাকিস্তানি সেনাদের সঙ্গে জাহিদ বনগ্রামে হত্যাযজ্ঞ চালান। পরে বনগ্রামের সাত্তার মিয়ার বাড়িতে গিয়ে তিনি (সাক্ষী) ১৬টি মৃতদেহ দেখেন।
রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী কানাইলাল মণ্ডল জবানবন্দিতে বলেন, তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের জঙ্গুরদি-বাগুটিয়া গ্রামে। জাহিদের বড় ভাই জাফর ছিলেন নগরকান্দা থানার রাজাকারদের কমান্ডার। মে মাসের শেষ দিকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে জাফর নিহত হন। ভাইয়ের মৃত্যুর পর জাহিদ স্থানীয় রাজাকার কমান্ডার হন। একাত্তরের জুন মাসের মাঝামাঝি জাহিদের হাতে ধরা পড়েন তিনি (সাক্ষী)।
এই সাক্ষী বলেন, ‘খোকন রাজাকার (জাহিদ হোসেন) আমার বুকে রাইফেল তাক করেছিল। আমি ঈশ্বরকে স্মরণ করছিলাম আর ট্রিগারের দিকে তাকিয়ে ছিলাম। ট্রিগার চাপার সঙ্গে সঙ্গে আমি বাঁ দিকে ঝাঁপ দিলাম, গুলি লাগল আমার ডান হাতের নিচে। আমার হাত ছিল বুকের ওপর, গলগল করে রক্ত ঝরছিল। তাঁরা (জাহিদ ও অন্য রাজাকাররা) আমাকে মৃত ভেবে চলে যান। আমার ভাই এসে আমাকে উদ্ধার করে।’
রাষ্ট্রপক্ষের তৃতীয় সাক্ষী ইকরাম মোল্লা জবানবন্দিতে বলেন, একাত্তরের ৩১ মে জাহিদ ও অন্য রাজাকাররা তাঁর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান রাষ্ট্রপক্ষের এই সাক্ষীদের জেরা করেন। ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।