প্রথম দিনে ফরম নিলেন ৪০০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনী উপজেলায় গতকাল শনিবার থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ফরম বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। প্রথম দিনে মোট ৪০০ জন ফরম সংগ্রহ করেছেন।
যাচাই-বাছাই কমিটি সূত্রে জানা যায়, বর্তমানে সারা দেশে ৫৫ হাজারের মতো গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। এর বাইরে এবার লক্ষাধিক ব্যক্তি তালিকায় নাম ওঠাতে অনলাইনে আবেদন করেছেন। নিজ নিজ উপজেলায় তাঁদের তালিকা যাচাই-বাছাই করার বিষয়ে সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে গাংনীতেও এ কার্যক্রম শুরু হলো।
গতকাল বেলা ১১টায় এ যাচাই-বাছাই কার্যক্রম উদ্বোধন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মকবুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা সবে কাজ শুরু করেছি। অনলাইনে আবেদন-প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। সামনের দিনগুলোতে এগুলো যাচাই-বাছাই করা হবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ-উজ-জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুন্তাজ আলী প্রমুখ।
ইউএনও আরিফ-উজ-জামান বলেন, প্রথম দিনে মোট ৪০০ জন ফরম সংগ্রহ করেছেন। এসব ফরম জমা দিতে হবে নিজ নিজ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে। ইউপি চেয়ারম্যানরা সেগুলো পরবর্তী সময়ে যাচাই-বাছাই কমিটিতে পাঠাবেন।
কমিটি সূত্র বলছে, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই–বাছাই কমিটি আগামী ২২ ফেব্রুয়ারি থেকে এসব ফরম যাচাই-বাছাই শুরু করবে। ৪ মার্চের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে তালিকা প্রস্তুত করা হবে। এরপর সেটি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হবে।
এর আগে ১১ ফেব্রুয়ারি মেহেরপুর সদরে ও মুজিবনগর উপজেলায় ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই শুরু হয়।