প্রথম দিনে বহিষ্কার ৩৩ জন অনুপস্থিত ৮,৭৪৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল রোববার পরীক্ষার প্রথম দিনে ১০টি শিক্ষা বোর্ডে বহিষ্কার হয়েছে ৩৩ জন পরীক্ষার্থী আর প্রবেশপত্র হাতে পেয়েও অনুপস্থিত ছিল আট হাজার ৭৪৯ জন।সারা দেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের খবর পাওয়া গেছে। এবারই প্রথমবারের মতো নিয়মিত ও প্রাইভেট শিক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়েছে সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্রে। এ নিয়ে শুরুতে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও পরীক্ষা শেষে তারা বলেছে, ভালোভাবেই পরীক্ষা দিয়েছে। এই পদ্ধতিকে ইতিবাচকভাবেই দেখছে তারা। পরীক্ষা ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একদিকে ছিল উদ্বেগ, অন্যদিকে ছিল উৎসাহ। কেন্দ্রে যখন পরীক্ষা হচ্ছিল, তখন বাইরে ছিল অভিভাবকদের ভিড়। এই পরীক্ষা ভালো করার মধ্যে দিয়েই উচ্চশিক্ষার সিঁড়িতে পা রাখবে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রক কক্ষের হিসাব অনুযায়ী, এইচএসসিতে ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৭৫৭, রাজশাহীতে ৯৬০, কুমিল্লায় ৮১৩, যশোরে ৮৫৬, চট্টগ্রামে ৫৪০, বরিশালে ৩৭৯, সিলেটে ৩৭২ ও দিনাজপুর বোর্ডে ৭০৬ জন। এ ছাড়া আলিমে এক হাজার ২৯৭ ও এইচএসসি বিএমে এক হাজার ৬৯ জন অনুপস্থিত ছিল। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে আটটি সাধারণ বোর্ডের এইচএসসিতে নয়জন, মাদ্রাসা বোর্ডের আলিমে নয়জন এবং কারিগরি বোর্ডের অধীন এইচএসসি বিএমে ১৫ জন শিক্ষার্থী রয়েছে। এইচএসসিতে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে তিনজন, যশোরে দুজন, চট্টগ্রামে দুজন, কুমিল্লায় একজন এবং বরিশালে একজন শিক্ষার্থী রয়েছে। বাকি তিনটি বোর্ডের কোনো শিক্ষার্থী বহিষ্কার হয়নি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পরীক্ষা দেখতে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীরা দলমত-নির্বিশেষে আমাদেরই সন্তান। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই দায়িত্বশীল ভূমিকা পালন করবে।’ এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবদুন নূর, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কাশেম উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ১০টি বোর্ডে এবার মোট পরীক্ষার্থী নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন।