ঈদ সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলের ৪১টি রুটের যাত্রীবাহী লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের অগ্রিম টিকিট বিক্রি গতকাল রোববার শুরু হয়েছে। তবে গতকাল বেশির ভাগ টিকিট কাউন্টারই বন্ধ ছিল।
ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে গিয়ে খোঁজ নিয়ে জানা যায়, টার্মিনালের নতুন ভবনে লঞ্চ কোম্পানিগুলোর ৩২টি টিকিট কাউন্টারের মধ্যে খুলেছে মাত্র ১১টি। সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত ঘোষেরহাটগামী এমভি শাহরুখ লঞ্চের ৩টি, ভান্ডারিয়াগামী অগ্রদূত-৭-এর ডাবল কেবিনের ২৭টি ও সিঙ্গেল কেবিনের ৯টি টিকিট বিক্রি হয়। চাঁদপুরগামী এমভি রিপলের ৩টি, বরিশালগামী পারাবত লঞ্চের ৫টি, এমভি সুরভীর ২১টি, ভান্ডারিয়া রুটে এমভি রাজদূত-৭-এর ৩টি, পটুয়াখালী রুটের এমভি জামালের ৩টি, গলাচিপা রুটের এমভি বাগেরহাট লঞ্চের ১টি ও এমভি পূবালীর ২টি টিকিট বিক্রি হয়।
এমভি শাহরুখ লঞ্চের কর্মী বেলাল হোসেন বলেন, সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মাত্র ৩টি টিকিট বিক্রি হয়েছে। পারাবত লঞ্চের কর্মকর্তা বিপুল কান্তি বসু বলেন, অনলাইনে তাঁদের টিকিট বেশি বিক্রি হয়। সুরভী লঞ্চের কেরানি সাইদুল ইসলাম বলেন, গতকাল কাউন্টার থেকে প্রথম শ্রেণির টিকিট বিক্রি হয়েছে ৩টি। আর অনলাইনের বিক্রি হয়েছে ১৮টি। এখন যাত্রীরা অনলাইন ও মুঠোফোনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে থাকে।
খিলগাঁও থেকে আসা ফরিদুর রহমান বলেন, তিনি ২৮ তারিখ বরিশালে যাবেন। কিন্তু প্রথম শ্রেণির কেবিনের টিকিট পাননি।
পটুয়াখালীগামী লঞ্চের যাত্রী ইলিয়াস আলী বলেন, ‘৩০ আগস্ট বাড়ি যাব। সকাল সাড়ে নয়টার দিকে টার্মিনালে এসেছি। দ্বিতীয় শ্রেণির ডাবল টিকিটের জন্য এমভি জাহিদসহ কয়েকটি লঞ্চে খোঁজ নিয়ে টিকিট পাইনি। বাধ্য হয়ে বরিশাল রুটের কীর্তনখোলা লঞ্চের টিকিট নিয়েছি।’
নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক জয়নাল আবেদিন বলেন, সরকারের ঘোষণার পরও যেসব প্রতিষ্ঠানের কাউন্টারে টিকিট বিক্রি করা হচ্ছে না, সেসব কাউন্টারের তালিকা করা হচ্ছে। আইন ভঙ্গকারী লঞ্চ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।