
দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য গতকাল বুধবার ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনে ৫ হাজার ৩০ ভোটারের মধ্যে ১ হাজার ৮৬৮ জন ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের ভোট গ্রহণ হবে।
আওয়ামীপন্থী আইনজীবীদের প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন। বিএনপি-জামায়াতপন্থীদের প্যানেলের নেতৃত্বে আছেন জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবেদীন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আইনজীবীরা বলছেন, এবার সমিতির নেতৃত্ব হাতে নিতে তাঁরা একজোট হয়ে নির্বাচনে নেমেছেন। এ জন্য আইনজীবী সমিতির নেতৃত্ব ফিরে পেতে তাঁরা আশাবাদী। আর বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, সমিতির নেতৃত্ব ধরে রাখতে তাঁরা আশাবাদী।
বরাবরের মতো এবারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, দুজন সহসভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুজন সহসম্পাদক এবং সাতজন সদস্যসহ মোট ১৪টি পদে নির্বাচন হচ্ছে।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সম্পাদক পদে নির্বাচন করছেন মো. আজাহার উল্লাহ ভুঁইয়া। দুজন সহসভাপতি পদে তাহেরুল ইসলাম ও সুরাইয়া বেগম, কোষাধ্যক্ষ পদে রমজান আলী শিকদার, দুজন সহসম্পাদক পদে এ কে এম রবিউল হাসান ও শেখ সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির যুগ্ম মহাসচিব এ এম মাহবুব উদ্দিন খোকন। দুজন সহসভাপতি পদে রয়েছেন ফাহিমা নাসরীন ও গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরীন আকতার এবং দুজন সহসম্পাদক পদে মো. শাহিদুজ্জামান ও ইউসুফ আলী নির্বাচন করছেন।
বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতৃত্ব রয়েছে বিএনপিপন্থী আইনজীবীদের হাতে। কয়েক বছর ধরেই তাঁরা সমিতির নেতৃত্ব নিজেদের হাতে ধরে রেখেছেন। বর্তমান সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনসহ মোট নয়টি পদ তাঁদের দখলে রয়েছে। আর আওয়ামীপন্থীদের দখলে রয়েছে পাঁচটি পদ।