উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ হয়েছে। গতকাল এক হাজার ৫৮১ জন সদস্য ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে দুপুরে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
নির্বাচন উপকমিটির আহ্বায়ক নূর হোসেন চৌধুরী সন্ধ্যায় জানান, মোট চার হাজার ৫৭ জন ভোটারের মধ্যে প্রথম দিনে এক হাজার ৫৮১ জন ভোট দিয়েছেন। আজ বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ শেষে বিরতি দিয়ে ভোট গণনা শুরু হবে।
নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ জন এবং স্বতন্ত্রভাবে সাতজন প্রার্থী অংশ নিচ্ছেন। আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ-সমর্থিত (সাদা প্যানেল) প্যানেল থেকে সভাপতি পদে আবদুল মতিন খসরু ও সম্পাদক পদে রবিউল আলম নির্বাচন করছেন।
বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি পদে খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন নির্বাচন করছেন।