প্রথম দিনে ভোট পড়েছে ১৬০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ হয়েছে। মোট চার হাজার ৪৫ জন ভোটারের মধ্যে এদিন এক হাজার ৬৬২ জন ভোট দিয়েছেন। আজ দ্বিতীয় দিনে দুপুরে এক ঘণ্টা বিরতি বাদে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনা শুরু হবে।আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সমর্থক আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও সম্পাদক পদে রবিউল আলম বুদু প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে এ জে মোহাম্মদ আলী এবং সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১৪টি পদে দুই প্যানেলে ২৮ প্রার্থী এবং স্বতন্ত্রভাবে ছয়জনসহ মোট ৩৪ জন প্রার্থী অংশ নিচ্ছেন। তবে প্রতিবারের মতো এবারের নির্বাচনেও নীল ও সাদা প্যানেলের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করছেন আইনজীবীরা। নির্বাচন ঘিরে গতকাল সকাল থেকেই সমিতি অঙ্গনে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। সংশ্লিষ্ট প্যানেল সমর্থক আইনজীবীরা ভবনের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন। মাঝেমধ্যে তাঁরা প্যানেলের নাম ধরে স্লোগান দেন।নির্বাচন উপকমিটির আহ্বায়ক নূর হোসেন চৌধুরী বুধবার বিকেলে প্রথম আলোকে জানান, ৩৮টি বুথে প্রথম দিন এক হাজার ৬৬২ জন ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এরপর বিরতি দিয়ে ভোট গণনা শুরু হবে।