প্রথম দিনে ১ কোটি ২০ লাখ টাকা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আয়কর মেলার প্রথম দিনে এক কোটি ২০ লাখ দুই হাজার ৮০১ টাকা কর আদায় হয়েছে। গতকাল শনিবার সকালে ছয় দিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম ভবনে এ মেলার আয়োজন করে চট্টগ্রাম আয়কর বিভাগ।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘আইন করে কর দিতে বাধ্য করা যাবে না। সচেতনতা সৃষ্টির মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।’ তিনি করদাতা ও কর আদায়কারীর মধ্যে আস্থার সংকট দূর করার ওপরও গুরুত্ব দেন। এ জন্য তিনি আয়কর বিভাগের লোকজনকে করদাতাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন। কর কমিশনার রামেন্দ্র চন্দ্র বসাকের সভাপতিত্বে মেলায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (কর ও জরিপ পরিদর্শন) সদস্য মো. শাহজাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কর কমিশনার হাবিবুর রহমান আখন্দ, হায়দার খান, সুলতান মাহমুদ প্রমুখ।উদ্বোধনী দিনে ইয়ংওয়ানের ২০০ জন এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ১২৯ জন কর্মকর্তা-কর্মচারীর আয়কর বিবরণী মন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। আয়কর বিভাগ সূত্রে জানা যায়, মেলায় গতকাল সারা দিনে ৭৭ জন নতুন করদাতার নিবন্ধন করা হয়। এর বাইরে আয়কর বিবরণী জমা দিয়েছেন ৭২৭ জন। তাঁদের কাছ থেকে সর্বমোট এক কোটি ২০ লাখ দুই হাজার ৮০১ টাকা আদায় করা হয়।