চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা গতকাল বুধবার শুরু হয়েছে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সকালে আগ্রাবাদ সরকারি কার্যভবন-২ সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন।
মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক ও কর অঞ্চল-৪-এর যুগ্ম কমিশনার মো. মাসুদ রানা প্রথম আলোকে বলেন, প্রথম দিনে মেলায় চট্টগ্রামের চারটি কর অঞ্চল ও জরিপ রেঞ্জ-৩-এর আওতাধীন ১৫ হাজার ৭৮২ জন করদাতা সেবা নিয়েছেন।
কর অঞ্চল-৪-এর যুগ্ম কমিশনার বলেন, প্রথম দিনে আয়কর রিটার্ন জমা পড়েছে ৭৮৮টি। রাজস্ব আদায় হয়েছে ২৮ কোটি ২০ লাখ টাকা।
মেলা কমিটি জানায়, মেলায় প্রথম দিন নতুন ই-টিআইএন নিয়েছেন ১২২ জন। মেলায় সোনালী ও জনতা ব্যাংক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, জাতীয় সঞ্চয় পরিদপ্তরের স্টল রয়েছে। এ ছাড়া করদাতাদের সেবা দেওয়ার জন্য কর অঞ্চলভিত্তিক স্টল রয়েছে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন, চট্টগ্রাম কর আপিল কমিশনার কাজী ইমদাদুল হক, কর অঞ্চল-১-এর কমিশনার অপূর্ব কান্তি দাশ, কর অঞ্চল-২-এর কমিশনার প্রদ্যুৎ কুমার সরকার, কর অঞ্চল-৩-এর কমিশনার নজরুল ইসলাম, ৪-এর কমিশনার মোতাহের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।