প্রথম দিনেই এক হাজার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিটারবিহীন সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে শুরু হওয়া অভিযানে গতকাল সোমবার সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত এক হাজারেরও বেশি মামলা করেছে পুলিশ। দুই দফায় তিন মাস সময় বাড়ানোর পর গতকাল সোমবার ছিল চট্টগ্রাম নগরে মিটারে অটোরিকশা চলাচলের বাধ্যবাধকতার প্রথম দিন।
মিটারে চলাচলের বাধ্যবাধকতার কারণে গতকাল নগরের বিভিন্ন সড়কে অটোরিকশা তুলনামূলক কম চলেছে। এতে অনেক এলাকায় এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভোগান্তিতে পড়তে হয়েছে। মিটারে চলাচল নিয়ে পুরোনো অটোরিকশার বিরুদ্ধে ধরপাকড় চললেও নম্বরবিহীন নতুন অটোরিকশা বাধা ছাড়াই চলেছে। পুলিশ জানায়, উচ্চ আদালত থেকে আদেশ নিয়ে ‘এএফআর’ (অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন বা নিবন্ধনের জন্য আবেদন) লেখা প্রায় ৫ হাজার অটোরিকশা নগরে চলাচল করছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এসব অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অবশ্য মিটার থাকার পরও অনেক অটোরিকশার চালক নির্ধারিত ভাড়ায় গন্তব্যে যেতে চাননি। দরদাম করেই গাড়িতে যাত্রী তুলেছেন চালকেরা।
ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরে পুরোনো নিবন্ধনযুক্ত ১৩ হাজার সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এর মধ্যে ৭ হাজারের কিছু বেশি অটোরিকশা রাস্তায় চলছে। পাশাপাশি নম্বরবিহীন অটোরিকশা চলছে আরও প্রায় সাড়ে ৫ হাজার।
ঢাকা ও চট্টগ্রামে একসঙ্গে মিটারে অটোরিকশা চলাচল শুরু হওয়ার কথা থাকলেও চট্টগ্রামে মিটার সংযোজন বা মেরামতের জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় দুই দফায় তিন মাস সময় বাড়ায়। গত ১ নভেম্বর থেকে ঢাকায় মিটারে অটোরিকশা চলাচল করছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী অটোরিকশায় প্রথম দুই কিলোমিটারের জন্য ভাড়া ৪০ টাকা, যা আগে ছিল ২৫ টাকা। এ ছাড়া প্রতি মিনিট বিরতির জন্য গুনতে হবে ২ টাকা, যা আগে ছিল ১ টাকা ৪০ পয়সা।
বারবার সময় বাড়ানোর পরও কেন সব অটোরিকশায় মিটার সংযোজন করা হয়নি, তা জানতে চাইলে চট্টগ্রাম ফোর স্ট্রোক সিএনজি থ্রি হুইলার সাধারণ মালিক ঐক্য পরিষদের সভাপতি মো. মহিউদ্দিন বলেন, দুই-তৃতীয়াংশ গাড়ির মিটার লাগানো শেষ হয়ে গেছে। মিটারের পাশাপাশি মালিকদের দৈনিক জমার টাকা চালকেরা ঠিকমতো দিচ্ছেন কি না, সেটাও প্রশাসনের দেখা উচিত। মালিকের জমা বাবদ এখন প্রতিদিন সর্বোচ্চ ৯০০ টাকা করে দিতে হবে চালককে। আগে ছিল ৬০০ টাকা।
নিবন্ধনহীন অটোরিকশা মিটার ছাড়া চলাচলের বিষয়ে সভাপতি মো. মহিউদ্দিন বলেন, দুই নিয়মে অটোরিকশা চললে যাত্রীরা বিভ্রান্ত হবেন।
গতকাল দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নগরের ২ নম্বর গেট এলাকায় গিয়ে দেখা যায়, ট্রাফিক পুলিশের অস্থায়ী তল্লাশিচৌকির সদস্যরা অটোরিকশায় মিটার রয়েছে কি না, তা পরীক্ষা করছেন। যে অটোরিকশায় মিটার নেই, সেই অটোরিকশার বিরুদ্ধে মামলা করছেন। মোবারক নামে এক অটোরিকশাচালক প্রথম আলোকে বলেন, ‘আমার গাড়িতে মিটার নেই। তাই মামলা খেয়েছি।’
২ নম্বর গেট এলাকায় আধা ঘণ্টা দাঁড়িয়ে দেখা যায়, কোনো অটোরিকশায় মিটার না থাকলেও মিটার সংযোজনের আবেদনপত্র চালকের কাছে থাকলে সে ক্ষেত্রে মামলা করেনি পুলিশ। এ সময় অন্তত তিনজন চালক অটোরিকশায় মিটার সংযোজনের আবেদন দেখিয়ে মামলা থেকে রেহাই পেয়েছেন। আগামী বুধবার পর্যন্ত এই আবেদনপত্র দেখালে মামলা দেওয়া হবে না বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাসুদ-উল হাসান। তিনি বলেন, নগরের ১০টি স্থানে তল্লাশিচৌকি বসিয়ে অভিযান চলছে। কড়াকড়ির কারণে দুপুরের পর থেকে অটোরিকশায় মিটার লাগানোর তোড়জোড় শুরু হয়েছে।
দুপুরে নিউমার্কেট থেকে আগ্রাবাদ যাওয়ার জন্য এক যাত্রী অটোরিকশায় যাওয়ার জন্য দরদাম করছিলেন। অটোরিকশাচালক মিটার থাকা সত্ত্বেও চুক্তিতে ৮০ টাকায় ওই ভাড়া নেন। চালকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে চাননি।
আগ্রাবাদ চৌমুহনী মোড়ে বেলা সোয়া দুইটায় চারটি অটোরিকশা থামায় পুলিশ। মিটার না থাকায় একটির বিরুদ্ধে মামলা করা হয়। তিনজন চালক মিটার সংযোজনের আবেদন দেখান।
অবশ্য মিটারবিহীন কিছু অটোরিকশা পুলিশকে ফাঁকি দিতে যেসব সড়কে অস্থায়ী তল্লাশিচৌকি রয়েছে, সেই পথে যেতে চায়নি। বেলা একটায় এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর নগরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সামনে অভিভাবক ও শিক্ষার্থীদের অটোরিকশার জন্য দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়েছে। চট্টগ্রাম সরকারি বিদ্যালয় কেন্দ্রের সামনে অটোরিকশার জন্য অপেক্ষায় থাকা আসাদুজ্জামান নামে এক অভিভাবক বলেন, ‘আমি ছেলেকে নিয়ে মাদারবাড়ি যাব। কিন্তু অটোরিকশা পাচ্ছি না।’
পুলিশের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, নগরে এবার আটটি কোম্পানিকে মিটার কেলিব্রেশন (ভাড়া সমন্বয়), মেরামত ও সংযোজনের জন্য মন্ত্রণালয় অনুমতি দিয়েছে। বেশির ভাগ কোম্পানি অনেক আগে থেকে মিটারের সংযোজনের কাজ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু অনেক অটোরিকশাচালক ও মালিক নির্ধারিত সময়ের মধ্যে সময়মতো মিটার সংযোজন করেননি।