
রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের টোল নিয়ে প্রথম দিনেই ঝামেলা সৃষ্টি হলো। উদ্বোধনের পরদিন গতকাল শনিবার উড়ালসড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু হঠাৎ টোল প্রায় দ্বিগুণ করায় মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এ নিয়ে দিনভর পরিবহনশ্রমিক ও টোল আদায়কারীদের মধ্যে বাগিবতণ্ডা লেগেই ছিল। গতকাল সকালে গুলিস্তান প্রান্তের টোল প্লাজায় পরিবহনশ্রমিক ও নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে।
সিটি করপোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী, গণমাধ্যমে টোলের যে হার প্রকাশিত হয়, তাহলো মোটরসাইকেল পাঁচ টাকা, অটোরিকশা ১০, কার ৩৫, জিপ ৪০, মাইক্রোবাস ৫০, পিকআপ ৭৫, বড় বাস ও ছোট ট্রাক ১০০, বড় ট্রাক ১৫০ এবং ট্রেইলরের জন্য ২০০ টাকা।
গতকাল টোল বাড়িয়ে করা হয় মোটরসাইকেল ১০ টাকা, অটোরিকশা ১৮, কার ৬০, জিপ ৭০, মাইক্রোবাস ৮৫, পিকআপ ১৩০, মিনিবাস ১৭৩, বড় বাস ২৬০, ট্রাক (চার চাকা) ১৭৩, ট্রাক (ছয় চাকা) ২৬০, ট্রেইলর (কাভার্ড ভ্যান) ৩৪৫ টাকা।
উড়ালসড়কের নির্মাতাপ্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপের পক্ষ থেকে গতকাল রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, কনসেশন চুক্তি অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ভ্যাটসহ ওই টোল হার নির্ধারণ করেছে।
তবে সিটি করপোরেশন তাদের সঙ্গে আলোচনা করে টোল হার নির্ধারণের বিষয়টি অস্বীকার করেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনছার আলী খান প্রথম আলোকে বলেন, ‘অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়ার পর থেকেই আমি ওরিয়ন গ্রুপের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছি। কিন্তু তাঁরা এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।’
আনছার আলী বলেন, অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সিটি করপোরেশনের সঙ্গে কোনো আলোচনা হয়নি। টোল বৃদ্ধির বিষয়ে সরকারের কোনো অনুমোদন নেই। চুক্তির বাইরে গিয়ে কেউ কোনো পদক্ষেপ নিতে পারে না।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল থেকেই টোল নিয়ে ঝামেলা শুরু হয়। বেলা ১১টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জপথের উৎসব পরিবহনের এক চালকের সঙ্গে গুলিস্তানের টোল প্লাজায় বিতণ্ডা হলে এক নিরাপত্তারক্ষী চালকের শার্টের কলার ধরেন। একপর্যায়ে বাসের যাত্রীরাও নেমে হইচই শুরু করেন। স্থানীয় লোকজন যাত্রীদের পক্ষ নেন। এ সময় টোল প্লাজায় যানজট সৃষ্টি হয়। এরপর কয়েক ঘণ্টা টোল আদায় ছাড়াই যানবাহন চলতে থাকে। অবশ্য বেলা একটার দিকে টোল দিয়েই যানবাহন পার হতে দেখা গেছে।
তারেক খান নামের একজন মুক্তিযোদ্ধা বলেন, তিনি প্রাইভেট কারে আসা-যাওয়ার জন্য ১২০ টাকা টোল দিয়েছেন। অথচ পত্রিকায় লেখা হয়েছে যাওয়া-আসা ৭০ টাকা। হঠাৎ টোল প্রায় দ্বিগুণ করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
দিনভর ঝামেলা: বড় বাস ও মিনিবাস, স্বল্পপাল্লার বাস নিয়ে ঝামেলা তৈরি হয় সকালের দিকে। মোটরযান আইন অনুযায়ী, মিনিবাসের আসন ৩১টি। কিন্তু ঢাকায় অনেক বাসে বাড়তি আসন যোগ করে তা ৩৬-৩৭ আসন করা হয়েছে। এখন এগুলোর টোল বড় বাসের না মিনিবাসের হবে, এটা নিয়েও সমস্যা হচ্ছে। একাধিক বাসমালিক বলেন, বর্তমানে ঢাকা থেকে চিটাগাং রোড, নারায়ণগঞ্জ, নরসিংদীর পথে চলাচলকারী বাস উড়ালসড়ক ব্যবহার করছে। কিন্তু এসব বাস দিনে চার থেকে ছয়বার আসা-যাওয়া করে। এসব বাসের যাত্রীরাও দিনে একাধিকবার যাতায়াত করে। পরিবহনমালিকেরা নিজের পকেট থেকে টাকা দেবেন না। টোলের টাকা যাত্রীদের কাছ থেকেই আদায় করতে হবে। সে ক্ষেত্রে যাত্রীরা চড়াও হতে পারেন।
টোল হারের কারণে বাসের ভাড়া বাড়ানো হয়েছে। এর ফলে পরিবহনশ্রমিকদের সঙ্গে যাত্রীদেরও বচসা হতে দেখা গেছে। উড়ালসড়কের সব কটি মুখ চালু না হওয়ায় দূরপাল্লার পথের যাত্রীদের নিত্যদিনের মতো গতকালও ঘণ্টার পর ঘণ্টা যানজটের দুর্ভোগে পড়তে হয়েছে।