প্রথম দিনেই লঞ্চের টিকিট পেলেন না অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে দেশের দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে অগ্রিম টিকিট ছাড়ার প্রথম দিনে গতকাল শনিবার দুপুরের মধ্যেই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনের টিকিটের সংকট দেখা দেয়। সদরঘাট টার্মিনালে সকাল থেকে অপেক্ষা করে কেবিনের অগ্রিম টিকিট না পেয়ে অনেকে ফিরে গেছেন। তবে লঞ্চে কর্মরতরা নামে-বেনামে টিকিট সংগ্রহ করে চড়া দামে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে লঞ্চগুলোতে বেলা ১১টায় ঘুরে জানা গেছে, দক্ষিণাঞ্চলগামী লঞ্চগুলোতে অগ্রিম টিকিট ছাড়ার প্রথম দিনেই অনেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর টিকিট না পেয়ে টার্মিনাল ত্যাগ করেছেন। এমভি কালাম খান-১ লঞ্চের কোষাধ্যক্ষ মো. সিদ্দিক বলেন, কেবিনগুলোর ঈদের আগের সমস্ত টিকিট বুকিং হয়ে গেছে। যাঁরা প্রতিনিয়ত লঞ্চে যাতায়াত করছেন, তাঁরাই বুকিং দিয়েছেন। বরিশাল নৌপথের এমভি দ্বীপরাজের পরিচালক আ. রাজ্জাক বলেন, ‘ঈদ উপলক্ষে আগামী ২, ৫, ৭, ৮ ও ৯ আগস্টে আমাদের লঞ্চ ছাড়বে। লঞ্চের ৪৫টি কেবিনের সবগুলোই এক মাস আগে বুকিং হয়েছে।’ সাভার থেকে আসা তৈরি পোশাক ব্যবসায়ী সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ‘দুই দিন ধরে টার্মিনালে আসছি ঈদের আগের টিকিট নেওয়ার জন্য। কিন্তু কয়েকটি লঞ্চে খোঁজ নিয়ে জানতে পারি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সব টিকিট বিক্রি হয়ে গেছে। ভাবছি, ঈদের দুই দিন আগে বাসে করে পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাব।’ বরিশালগামী যাত্রী জুলেখা বেগম জানান, সকাল আটটার দিকে তিনি ডেমরা থেকে সদরঘাট এসেছেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও কোনো অগ্রিম টিকিট পাননি। সুন্দরবন-২ লঞ্চে গিয়ে টিকিট চাইলে কর্মচারী মিলন জানান, টিকিট নেই। অথচ তাঁর সামনেই ওই লঞ্চের এক কর্মচারী বেনামে দুটি ডাবল কেবিনের টিকিট নিলেন। এ ব্যাপারে মিলন বলেন, ‘আত্মীয়র জন্য ৬ আগস্টের দুটি অগ্রিম টিকিট নিয়েছি, কালোবাজারি করার জন্য নয়।’ তবে এমভি জলতরঙ্গ লঞ্চের মালিক হাফিজুর রহমান বলেন, ‘৪ ও ৬ আগস্ট পোশাক কারখানায় ছুটি হলে যাত্রীদের চাপ বাড়বে। লঞ্চের কর্মচারীরা দায় এড়ানোর জন্য যাত্রীদের কেবিন বুকিং বিষয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছেন। আমার লঞ্চে এখনো অনেক কেবিন বুকিং হয়নি।’ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার সদস্য ও ঢাকা নদীবন্দরের আহ্বায়ক মো. ছিদ্দিকুর রহমান বলেন, এবার ঈদে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ সার্ভিস থাকবে। যখনই যাত্রীদের চাপ বাড়বে তখনই বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হবে। লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট দু-একটি লঞ্চের অসাধু কর্মচারীরা কালোবাজারে বিক্রি করে থাকতে পারেন। নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের যুগ্ম পরিচালক সাইফুল হক খান বলেন, আগামী ৪ আগস্ট থেকে ঈদ উপলক্ষে বিশেষ লঞ্চ চলাচল করবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ উপলক্ষে আরও ১৫টি নতুন লঞ্চ সার্ভিস চালু: ঢাকা নদীবন্দর সূত্রে জানা গেছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা নদীবন্দর থেকে ১৩০টি যাত্রীবাহী লঞ্চ দক্ষিণাঞ্চলের ৩৯টি পথে নিয়মিত চলাচল করবে। এ ছাড়া আগামী সপ্তাহে আরও ১৫টি নতুন লঞ্চ বিভিন্ন পথে সংযোজন করা হয়েছে। নতুন লঞ্চগুলোর মধ্যে রয়েছে সুন্দরবন-৯, কুয়াকাটা-১, প্রিন্স আব আওলাদ-৪, সাত্তার খান, টিপু-৭, কিত্তনখোলা-২, বেক্রুজার। এসব লঞ্চ বরিশালসহ বিভিন্ন নৌপথে চলাচল করবে বলে জানা গেছে।