প্রথম দিনেই লঞ্চের বেশির ভাগ টিকিট শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত বৃহস্পতিবার। শুরুর দিনেই বেশির ভাগ টিকিট শেষ হয়ে গেছে। লঞ্চ মালিকপক্ষ বলছে, এখন কিছুসংখ্যক টিকিট আছে। যাত্রীদের অভিযোগ, কালোবাজারি করার জন্য কারসাজি করে টিকিট বুকিং দেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে টার্মিনাল দ্বিতীয় ভবনে গিয়ে দেখা যায়, ৩৫টি লঞ্চ কোম্পানির টিকিট কাউন্টারের মধ্যে সাতটি খোলা। এরপর থেকে বেলা তিনটা পর্যন্ত সাতটি লঞ্চের ৭৩টি অগ্রিম টিকিট বিক্রি হয়।

খিলক্ষেত থেকে আসা ব্যবসায়ী আব্দুল মজিদ বলেন, ‘২৩ জুন ভান্ডারিয়া যাব। বেশ কয়েকটি লঞ্চের কাউন্টারের খোঁজ নিয়েছি। ২২ থেকে ২৪ জুন পর্যন্ত প্রথম শ্রেণির কেবিনের টিকিট পাইনি।’ তিনি বলেন, সরকার ঘোষণা দিয়েছিল, ১৫ জুন থেকে কেবিনের অগ্রিম টিকিট দেওয়া হবে। এক দিনের মধ্যেই সব টিকিট বিক্রি হলো কীভাবে? অগ্রদূত লঞ্চের কর্মচারী হারুন অর রশিদ বলেন, ‘২২ থেকে ২৪ জুন পর্যন্ত আমাদের লঞ্চের সব কেবিন বুকিং হয়ে গেছে।’

মতিঝিল থেকে আসা ব্যাংক কর্মচারী মিনারা বেগম বলেন, ‘২২ জুন বরিশাল যাব। আজ (গতকাল) সকাল ১০টার দিকে পারাবত লঞ্চের কাউন্টারে গিয়ে টিকিট পাইনি।’ তিনি অভিযোগ করেন, লঞ্চের লোকজন কালোবাজারি করার জন্য নামে-বেনামে টিকিট বুকিং করে ফেলেছেন। এসব বিষয় সরকারের খতিয়ে দেখা উচিত।

পারাবত লঞ্চের কর্মকর্তা ব্রোজন বাড়ৈ বলেন, ‘অগ্রিম টিকিট বুকিং দেয় মালিকপক্ষ। এতে আমাদের কিছু করার থাকে না। তা ছাড়া ঈদের আগে ২২ থেকে ২৪ জুন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিনের টিকিট সপ্তাহখানেক আগেই বুকিং হয়ে গেছে।’  

আমতলীগামী হাসান-হোসেন লঞ্চের মালিক হাফিজুর রহমান বলেন, এ রুটে যারা চলাচল করে, তারা আগে থেকেই মুঠোফোনের মাধ্যমে প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন বুকিং নিয়ে নেয়। কালোবাজারিতে টিকিট বিক্রির সুযোগ নেই।

অভ্যন্তরীণ নৌচলাচল (যাপ) সংস্থার কার্যকরী সদস্য সিদ্দিকুর রহমান ভূঁইয়া বলেন, ‘এমনিতেই লঞ্চের কেবিন সীমিত। তবে ঈদে কেবিনের চাহিদা অনেক বেশি। যারা নিয়মিত যাত্রী, তারাই বুকিং নিয়ে থাকে। এখন কিছুসংখ্যক বুকিং বাকি আছে। 

ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী বলেন, দক্ষিণাঞ্চলের নদীপথের যাত্রীদের সুবিধার্থে টিকিট কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রির জন্য এ বছর বিআইডব্লিউটিএর কড়া নির্দেশনা রয়েছে। যেসব লঞ্চ কোম্পানি টিকিট কাউন্টার খুলবে না, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সদরঘাট টার্মিনাল সূত্রে জানা যায়, নদীপথে যাত্রী নিয়ে প্রতিদিন দক্ষিণাঞ্চলের ৪১টি রুটে শতাধিক বেসরকারি লঞ্চ চলাচল করে। এসব লঞ্চে প্রায় ১০ হাজার ভিআইপি, প্রথম ও দ্বিতীয় শ্রেণির কেবিন আছে।