প্রথম দিনেই ৪০ হাজার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তির জন্য গতকাল শনিবার অনলাইন ও খুদে বার্তায় আবেদন গ্রহণ শুরু হয়েছে। চলবে ১৮ জুন পর্যন্ত। তবে যাদের পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হবে তারা ২১ জুন পর্যন্ত আবেদন করতে পারবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মঞ্জুরুল কবীর প্রথম আলোকে জানান, প্রথম দিন গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৪০ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে অনলাইনে ৩০ হাজার ও খুদে বার্তায় ১০ হাজার আবেদন জমা পড়েছে।

এর আগে গতকাল সকালে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে শিক্ষাসচিব নজরুল ইসলাম খান বলেন, ভবিষ্যতে ভর্তির পুরো কার্যক্রমই হবে অনলাইনে। আর খুদে বার্তার সুযোগও থাকবে না।

অনলাইনের ক্ষেত্রে www. xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হচ্ছে। আর মুঠোফোন খুদে বার্তায় আগের মতো টেলিটকে আবেদন করতে হচ্ছে।

অনলাইনে আবেদনের ক্ষেত্রে একজন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ১৫০ টাকা আবেদন ফি টেলিটকের মাধ্যমে জমা দিয়ে সর্বোচ্চ পাঁচটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রম দিতে পারবে। অন্যদিকে খুদে বার্তার ক্ষেত্রে প্রতি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের জন্য ১২০ টাকা আবেদন ফি দিয়ে পছন্দক্রম অনুযায়ী একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। ইতিমধ্যে পুরো নিয়মকানুন গণমাধ্যমে বিজ্ঞাপন হিসেবে প্রচার করেছে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি ও টেলিটক।

শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৫ জুন। বিলম্ব ফি ছাড়া ভর্তি ও ফি জমার শেষ সময় ৩০ জুন। আর ক্লাস শুরু হবে ১ জুলাই। আন্তশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এবার ভর্তির কাজটি সমন্বয় করছে ঢাকা শিক্ষা বোর্ড।