প্রথম দিনের পরীক্ষা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল ভাবগম্ভীর। গত সোমবার ব্রাজিলের রিও ডি জেনিরোর হোটেল উইন্ডসর ওশেনিয়াতে এই অনুষ্ঠানের শুরুতে স্মরণ করা হয় মারিয়াম মির্জাখানিকে। ইরানি বংশোদ্ভূত এই নারী ২০১৪ সালে গণিতের নোবেল পুরস্কার হিসেবে খ্যাত ফিল্ডস মেডেল লাভ করেন। জটিল জ্যামিতি নিয়ে কাজের জন্য তিনি বিশ্বের প্রথম নারী হিসেবে এই বিরল কৃতিত্বের অধিকারী। কিন্তু এই নারী মাত্র ৪০ বছর বয়সে হার মানলেন স্তন ক্যানসারের কাছে। ১৫ জুলাই আইএমওর জুরিরা যখন ব্যস্ত প্রশ্ন প্রণয়নে, তখন তিনি মারা যান। তাই আইএমওর উদ্বোধনী অনুষ্ঠানে ১১২টি দেশের প্রতিনিধিরা দাঁড়িয়ে নীরবতা পালন করে এই ভুবনজয়ী গণিতবিদকে সম্মান দেখান।

আমার ১৪ বছরের আইএমওতে অংশগ্রহণে এবারই প্রথম কারও জন্য উদ্বোধনী অনুষ্ঠানে নীরবতা পালন করা দেখলাম। সিদ্ধান্ত হয়েছে এই বছর সেরা ছাত্রীকে গার্লস অব দ্য অলিম্পিয়াড পুরস্কার দেওয়া হবে।

আয়োজক দেশ ব্রাজিল এই পদকটি নিয়মিত করার এবং তা মারিয়াম মির্জাখানির নামে করার প্রস্তাব দেয়।

আইএমওর উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান যুক্তরাজ্যের অধ্যাপক জিওফ স্মিথ উদ্বোধনী ঘোষণা করার আগে একজন ছাত্র ও একজন ছাত্রী সবার পক্ষ থেকে অলিম্পিয়াডের নিয়মকানুন মেনে চলার শপথবাক্য পাঠ করেন। এরপরই শুরু হয় দলগুলোর প্যারেড। ইংরেজি বর্ণমালার ক্রমে মঞ্চের দুই দিক থেকে এক এক করে ১১১টি দলের সদস্যরা জাতীয় পতাকা নিয়ে মঞ্চে আসে। এ সময় কিউবা, ঘানা ও পানামা দলকে তুমুল করতালি দিয়ে অভিনন্দিত করা হয়। কারণ, এই তিনটি দলের প্রতিটিতে মাত্র একজন করে সদস্য রয়েছে। তবে লিচেনস্টাইনের তিন সদস্যের দলটি মঞ্চে এলে পুরো মিলনায়তন আনন্দে মেতে ওঠে। কারণ, দলটিতে তিনজনই মেয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কারণে সব দেশের দলনেতাদের সঙ্গে অংশগ্রহণকারীদের দেখা হওয়ার সুযোগ হয়। এ সময় দূর থেকে আমাদের দলনেতা মাহবুব মজুমদার হাত নেড়ে দলের সদস্যদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠান শেষ হয় রিওর বাদক দলের সুরমূর্ছনায়।

সোমবার বিকেলে শিক্ষার্থীরা তাদের পরীক্ষা হলের জায়গা দেখে এসেছে। আর কয়েকজন গাইডের সঙ্গে আমি ঘুরে দেখেছি দক্ষিণ রিওর এই ছোট্ট এলাকার অংশবিশেষ। পর্যটন নগরী হলেও এর আশপাশে তেমন বিপণিকেন্দ্র নেই। বহুতল হোটেল ছাড়াও বেশ কিছু আবাসিক ভবন চোখে পড়েছে। কাছেই একটি পার্ক। বিকেলে সেখানে অনেকেই হাজির ছিল, যাদের মধ্যে ছোটদের দেখা গেল স্কেটিং করতে। ঘণ্টা দুয়েকের হাঁটা পরিক্রমায় কাউকে ফুটবল খেলতে দেখা গেল না!

গতকাল মঙ্গলবার সকালে নাশতা করে শিক্ষার্থীরা প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয়। সাড়ে চার ঘণ্টায় তাদের তিনটি গাণিতিক সমস্যার সমাধান করতে হয়। পরীক্ষা চলাকালে প্রথম ঘণ্টায় প্রশ্ন নিয়ে কারও কোনো জিজ্ঞাসা থাকলে দলনেতারা পরিদর্শকদের মাধ্যমে সেগুলোর জবাব দেন।

ডাচ্‌-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় দেশজুড়ে অনুষ্ঠিত গণিত উৎসবের মধ্য থেকে আইএমওতে অংশগ্রহণকারী ছয় শিক্ষার্থীকে নির্বাচিত করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।