প্রথম দিনের ভোট গ্রহণ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ মেয়াদের নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ গতকাল রোববার শেষ হয়েছে। আজ সোমবার দুই দিনের এ ভোট গ্রহণ শেষ হবে।
আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা উপকমিটি জানায়, গতকাল সকাল ১০টা থেকে আইনজীবী সমিতির ১৪টি পদে ভোট গ্রহণ শুরু হয়। প্রথম দিনে আইনজীবী সমিতির ১ হাজার ৮০২ জন সদস্য ভোট দেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মোট সদস্য ৪ হাজার ৩৬২ জন।
সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দল সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদে দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মোমতাজ উদ্দিন আহমদ। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন। তাঁরা টানা দ্বিতীয়বারের মতো সভাপতি ও সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সভাপতি পদে স্বতন্ত্রভাবে মো. ওবায়দুল হক পীরজাদা ও ইউনুছ আলী আকন্দ এবং সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন নজরুল ইসলাম।