প্রথম দুই ধাপের তুলনায় নির্বাচন সুষ্ঠু হয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, প্রথম দুই ধাপের তুলনায় গতকালের নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। তৃতীয় ধাপের ভোট গ্রহণ শেষে গতকাল বিকেলে সংবাদ ব্রিফিংয়ে সিইসি এ কথা বলেন।
সিইসি আরও বলেন, এবার ভোটের আগের রাতে কেন্দ্র দখল করে ব্যালট পেপারে সিল মারার ঘটনা ঘটেনি। ভোট গ্রহণ চলাকালে বড় ধরনের কোনো অঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। আচরণবিধি লঙ্ঘনের কারণে ১৬৪ জনকে মোট ৪ লাখ ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দুজনকে এক মাসের এবং একজনকে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাচনে বিভিন্ন ধরনের অনিয়ম পর্যবেক্ষণ করে কমিশন বেশ কিছু তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে বলে সিইসি দাবি করেন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ২৪টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে। দুটি কেন্দ্রে পক্ষপাতমূলক আচরণের কারণে দুজন ভোট গ্রহণ কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, সব দলেরই নিজস্ব কিছু মত থাকে। কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছে।