প্রথম দুধ খেলো শিশুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় ঝোপ থেকে উদ্ধার করা মেয়েশিশুটিকে আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো দুধ খাওয়ানো হলো। সকালে শিশুকে দুধ খাওয়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা।

আবিদ হোসেন প্রথম আলোকে বলেন, উদ্ধার করে শিশুটিকে হাসপাতালে আনার পর থেকে স্যালাইন দেওয়া হচ্ছিল। আজ সকালে প্রথমবারের মতো শিশুটিকে দুধ খাওয়ানো হয়।

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ার পুরোনো বিমানবন্দর-সংলগ্ন রানওয়ে মাঠের পাশের ঝোপ থেকে গত মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে শিশুটিকে উদ্ধার করে ১১ বছরের শিশু সাব্বির ও তার বন্ধুরা। সাব্বির বলেছিল, হঠাৎ পাশে ঝোপের ভেতর থেকে কান্নার শব্দ শুনতে পায় তারা। এগিয়ে গিয়ে দেখে, চার-পাঁচটি কুকুর কিছু একটায় কামড় দিচ্ছে। প্রথমে তাদের মনে হয়েছিল, হয়তো কোনো পুতুল বা খাবার নিয়ে টানাহেঁচড়া করছে কুকুরের দল। কিন্তু কুকুরগুলো তাড়িয়ে দেখা গেল একটি মেয়েশিশু হাত-পা ছড়িয়ে কাঁদছে।

সাব্বির ও তার সঙ্গীরা শিশুটিকে কোলে তুলে নেয়। এরপর সাব্বির শিশুটিকে মাঠের পাশে তার বাসায় নিয়ে যায়। শিশুটিকে সে তার মা জাহানারা বেগমের কোলে তুলে দেয়। নাভির সঙ্গে ঝুলন্ত নাড়িটি মা নিজেই কাটেন। তিনি স্বামী সাগরসহ প্রথমে শিশুটিকে নিয়ে যান স্থানীয় একটি ক্লিনিকে, এরপর শ্যামলী শিশু হাসপাতালে। অক্সিজেন দিয়ে সন্ধ্যা পৌনে ছয়টায় শিশুকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক বিভাগের আইসিইউতে শিশুটির চিকিৎসা চলছে। শিশুটির শরীর থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে। তবে শরীরজুড়ে রয়েছে ক্ষতচিহ্ন। হাসপাতালের নবজাতক বিভাগের প্রধান আবিদ হোসেন মোল্লা বলেন, শিশুটির জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। ওর নাক, মুখ ও বাঁ হাতে কুকুরের কামড়ের আঘাত আছে। শিশুটির বাঁ হাতের দুটি আঙুলের ওপরের অংশ ঝুলে ছিল। কুকুরের কামড় থাকায় জলাতঙ্ক রোগের ঝুঁকি রয়েছে। নবজাতক বিভাগের প্রধান আজ বলেন, ‘এখন শিশুটির অবস্থা স্থিতিশীল। তবে সে আশঙ্কামুক্ত নয়।’