প্রথম ধাপের ইউপি নির্বাচনকে 'বিকৃত' বলল সুজন
ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনকে ‘বিকৃত নির্বাচন’ বলে আখ্যায়িত করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার। ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে গতকাল সোমবার সুজনের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
ইউপি নির্বাচনের প্রথম ধাপের পরিস্থিতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয় ২২ মার্চ। এ ছাড়া ২৩ মার্চ অনুষ্ঠিত টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ইউপিগুলোর নির্বাচন পরিস্থিতিও তুলে ধরা হয়।
সম্মেলনে বদিউল আলম মজুমদার বলেন, সংসদ নির্বাচনের ক্ষেত্রে মনোনয়ন-বাণিজ্য ছিল ওপরের তলায়। এবার মনোনয়ন-বাণিজ্য তৃণমূল পর্যায়ে চলে গেছে। এটা শুধু নির্বাচন-প্রক্রিয়াকেই নয়, স্থানীয় সরকারব্যবস্থাকেও চরমভাবে কলুষিত করেছে। আশি এবং নব্বইয়ের দশকে নির্বাচন নিয়ে সহিংসতা হতো। কিন্তু ২০০৮ থেকে ২০১৩ সালের শেষ পর্যন্ত সহিংসতা অনেক নিয়ন্ত্রণে ছিল। এবার সহিংসতা হয়েছে। ইতিমধ্যে ২৭ জনের প্রাণহানি ঘটেছে। এবারের সহিংসতা হয়েছে দীর্ঘ মেয়াদে। এ ছাড়া এই নির্বাচন কিছু ব্যতিক্রম ছাড়া প্রতিযোগিতামূলক হয়নি। এগুলো হলো ‘বিকৃত’ নির্বাচনের প্রতিফলন। আর এই ‘বিকৃত’ নির্বাচনের ফলে মানুষ নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলছে। নির্বাচনী ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেললে তার পরিণতি মঙ্গলজনক নয়। বর্তমান অবস্থার মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সুজনের সম্পাদক আরও বলেন, দলভিত্তিক নির্বাচনের কারণেই ‘বিকৃত’ নির্বাচন হয়েছে। সুজন মনে করে, এ বিষয়ে নির্বাচন কমিশন চরমভাবে ব্যর্থ হয়েছে। দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু করার জন্য তিনি কমিশনকে দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনের অনিয়ম ও সহিংসতার বিভিন্ন তথ্য তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি বলেন, ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে প্রথম ধাপে ৭১২টি ইউপির নির্বাচন হয়। ৩৬টি জেলায় অনুষ্ঠিত এই নির্বাচনে ৩২টিতেই সহিংসতা, অনিয়মের অভিযোগ উঠেছে। নির্বাচনের দিনেই সহিংসতায় ১১ জন নিহত হন। সহস্রাধিক আহত হয়েছেন। সব মিলিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ জন। আহত তিন হাজারের বেশি।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিরাট জয় ও বিএনপির অনেক কম প্রার্থীর জয়ী হওয়াসহ ফলের তথ্য তুলে ধরে দিলীপ কুমার বলেন, এ ধরনের ফলের প্রধান কারণ প্রভাবিত ও দখলদারত্বমূলক নির্বাচন। এ ছাড়া এই নির্বাচন-প্রক্রিয়ার শুরু থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। আইনি ভিত্তির ওপর দাঁড়িয়ে কমিশনকে কখনো নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সুজনের বক্তব্য ছিল দলভিত্তিক স্থানীয় সরকার নির্বাচন বিরাজমান ‘দুর্বৃত্তায়িত রাজনৈতিক সংস্কৃতি’র নেতিবাচক প্রভাবকে গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তৃত করবে। এখন সত্যি সত্যিই ‘দুর্বৃত্তায়িত রাজনীতি’ নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত করে ফেলছে।