প্রথম নির্বাচন ১২ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা প্রতিষ্ঠার ১২ বছর পর প্রথমবারের মতো নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (পৌর) সৈয়দ মো. খুরশীদ আনোয়ারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কসবা পৌরসভাসহ ১১টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৬ মে, মনোনয়নপত্র বাছাই ১৮ ও ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে।সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে কসবা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ কে এম আজিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহারিয়ার ওয়াহেদ, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা, কসবা কো-অপারেটিভ লিমিটেডের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, ফুলতলী গ্রামের সফিকুল ইসলাম, উপজেলা সদরের সফিকুল ইসলাম এবং তালতলা গ্রামের মো. সানাউল্লাহ নির্বাচনী প্রচার চালাচ্ছেন। এ ছাড়া কাউন্সিলর পদের প্রার্থীরাও প্রচার চালাচ্ছেন।পৌরসভা সূত্রে জানা গেছে, কসবা ইউনিয়নের বড় অংশ নিয়ে ১৯৯৯ সালের ১০ জুন কসবা পৌরসভা ঘোষণা করা হয়। ২০০০ সালের ২১ সেপ্টেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পৌর শাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও এখন পর্যন্ত কোনো নির্বাচন হয়নি।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৯৭ সালের ডিসেম্বর মাসে উপজেলা সদরের ৭ নম্বর কসবা ইউপির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী নয়জন সদস্য বর্তমান পৌরসভার কাউন্সিলর হিসেবে দায়িত্বে থাকলেও প্রশাসকের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।উপজেলা প্রশাসন সূত্র জানায়, পৌরসভা গঠিত হওয়ার সাত বছর পর ২০০৫ সালের ৫ ডিসেম্বর প্রথম নির্বাচনের তারিখ ঠিক করে তফসিল ঘোষণা করা হয়। কিন্তু মনোনয়ন দাখিলের শেষ দিন পৌরসভার মহিলা কাউন্সিলর আয়েশা বেগম সীমানার বিরোধ নিয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। এরপর আদালত নির্বাচন স্থগিত করে দেন। পরে ২০০৬ সালের ২৭ এপ্রিল নির্বাচনের দিন ঠিক করে আবারও তফসিল ঘোষণা করা হয়। মনোনয়ন দাখিলের ঠিক শেষ দিন আরেক কাউন্সিলর আবুল হাসেম সীমানা নির্ধারণ নিয়ে উচ্চ আদালতে আবারও একটি রিট করেন। আদালত আবার নির্বাচন স্থগিত করে দেন। তবে এখন রিটটি খারিজ হয়ে যাওয়ায় পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।