প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ কেন্দ্রে আজ বৃহস্পতিবার এইচএসসির পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পরীক্ষায় কিছু পরীক্ষার্থীকে একই বিষয়ের দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়। পরে অবশ্য এসব প্রশ্নপত্র ফিরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসারকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল হক। তিন কার্য দিবসের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, আজ এইচএসসির পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পরীক্ষা ছিল। প্রথমে সৃজনশীল ৬০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টা ২০ মিনিটে নৈর্ব্যক্তিক ৪০ নম্বরের প্রশ্নপত্র বিতরণের সময় দ্বিতীয় পত্রের ২৮টি প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দেওয়া হয়। কিছুক্ষণ পর বিষয়টি ওই হলে দায়িত্বরত শিক্ষকদের নজরে আসলে প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নেওয়া হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ ও ইউএনওকে জানানো হয়।

ইউএনও মো. সামছুল হক জানান, ভুলের বিষয়টি ধরা পড়ার পর হলে দায়িত্বরত শিক্ষকেরা পরীক্ষার্থীদের কাছে থেকে প্রশ্নপত্রগুলো নিয়ে নেন। পরে প্রথম পত্রের প্রশ্ন ফটোকপি করে ওই ২৮ জন পরীক্ষার্থীকে দেওয়া হয়। বিষয়টি কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে জানানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘প্রশ্নপত্র থানা থেকে আনার সময় মিলিয়ে দেখার নিয়ম আছে। এ ক্ষেত্রে হয়তো যেসব শিক্ষক প্রশ্নপত্র থানা থেকে এনেছেন তাঁরা ভুলে ওই ২৮টি প্রশ্নপত্র বিষয়ের সঙ্গে ভালোভাবে মিলিয়ে দেখেননি। এটি একেবারেই অনিচ্ছাকৃত ভুল।’