প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র!
নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইসমাইল ডিগ্রি কলেজ কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার এইচএসসির পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পরীক্ষায় কিছুসংখ্যক পরীক্ষার্থীর মাঝে দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে।
এ ঘটনায় কলেজের অধ্যক্ষ আবুল বাসারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল হক। তাঁকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
কলেজ সূত্র জানায়, গতকাল পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের পরীক্ষার সৃজনশীল ৬০ নম্বরের পরীক্ষা শেষ হওয়ার পর দুপুর ১২টা ২০ মিনিটে নৈর্ব্যত্তিক ৪০ নম্বরের প্রশ্নপত্র বিতরণ শুরু হয়। এ সময় ভুলবশত দ্বিতীয় পত্রের ২৮টি প্রশ্নপত্র পরীক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। কিছুক্ষণ পর বিষয়টি হলে দায়িত্ব পালনকারী শিক্ষকদের নজরে পড়ে।
ইউএনও মো. সামছুল হক জানান, ভুলের বিষয়টি ধরা পড়ার পর হলে দায়িত্ব পালনকারী শিক্ষকেরা পরীক্ষার্থীদের কাছে থেকে প্রশ্নপত্রগুলো নিয়ে নেন। এরপর প্রথম পত্রের প্রশ্নপত্র ফটোকপি করে ওই ২৮ পরীক্ষার্থীকে দেওয়া হয়।
অধ্যক্ষ আবুল বাসার প্রথম আলোকে বলেন, ‘এটি একেবারেই অনিচ্ছাকৃত ভুল।’