প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন
পরীক্ষা ইংরেজি প্রথম পত্রের, কিন্তু কেন্দ্রে আনা হলো ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন। পরীক্ষা শুরু হতে বাকি মাত্র ১০ মিনিট। তখনই বিষয়টি নজরে পড়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের। তড়িঘড়ি করে আনা হলো ইংরেজি প্রথম পত্রের প্রশ্ন। পরীক্ষা শুরু হলো নির্ধারিত সময়ের ১০ মিনিট পর। যশোরের অভয়নগর উপজেলার সিংগাড়ি আবদুল ওহাব মডেল কলেজ কেন্দ্রে গত রোববার এ ঘটনা ঘটেছে।জানা গেছে, রোববার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা থাকলেও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ কুমার মিস্ত্রি এবং পরীক্ষা কমিটির সদস্য এস এম হাবিবুর রহমান স্থানীয় ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র নিয়ে আসেন। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বিষয়টি ধরা পড়লে প্রশ্নপত্রগুলো গুটিয়ে ফেলা হয়। পরে দ্রুত দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র এনে সকাল ১০টা ১০ মিনিটে পরীক্ষা শুরু করা হয়। সে অনুযায়ী পরীক্ষা শেষ হয় বেলা একটা ১০ মিনিটে।কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পল্লীমঙ্গল কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার জানান, প্রশ্নপত্র বাছাই করে আনার সময় ভুলটা হয়েছে। পরে দ্রুততার সঙ্গে সঠিক প্রশ্নপত্র নিয়ে এসে পরীক্ষা শুরু করা হয়। এতে পরীক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি।যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম বলেন, ভুল করে এমনটা হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও পরীক্ষা কমিটির এক সদস্যকে কারণ দর্শানোসহ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসককে (শিক্ষা ও উন্নয়ন) প্রধান করে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।