প্রথম পত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন আনার ঘটনার তদন্ত সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক পরীক্ষায় যশোরের অভয়নগর উপজেলার একটি কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের দিন ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র আনার ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে।এদিকে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক গতকাল রোববার কেন্দ্রটি পরিদর্শন করেছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১০ এপ্রিল উপজেলার শেখ আব্দুল ওহাব মডেল কলেজ কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র আনা হয়। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে বিষয়টি নজরে এলে প্রশ্নপত্রগুলো গুটিয়ে ফেলা হয়। সূত্র জানায়, প্রশ্নপত্রগুলো গুটিয়ে ফেললেও তিনটি প্রশ্নপত্র খোয়া যায়। এরপর অতি দ্রুততার সঙ্গে পুনরায় ভাটপাড়া পুলিশ তদন্তকেন্দ্র থেকে ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্র এনে সকাল ১০টা ১০ মিনিটে পরীক্ষা শুরু করা হয়। বেলা একটা ১০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়। এরপর ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেট দিয়ে নেওয়া হয়। এই প্রশ্নপত্র অত্যন্ত কঠিন হয়েছে বলে পরীক্ষার্থী ও অভিভাবকেরা অভিযোগ করেন।ঘটনার তদন্তে যশোরের জেলা প্রশাসকের গঠন করা কমিটি গত বুধবার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. জহুরুল হক বলেন, তদন্তের দায়িত্বে অবহেলা এবং অনভিজ্ঞতার প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে যশোর শিক্ষা বোর্ডের গঠন করা কমিটির প্রধান যশোর সরকারি সিটি কলেজের অধ্যক্ষ দিলিপ কুমার সাহা বলেন, প্রশ্নপত্র বাছাই থেকে শুরু করে বিতরণ পর্যন্ত চারটি ধাপ অনুসরণ করা হয়। কিন্তু ওই কেন্দ্রে যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা কেউই ধাপগুলো ঠিকমতো অনুসরণ করেননি। তিনি বলেন, ‘আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের তিনটি প্রশ্নপত্র কম পেয়েছি। এমনও হতে পারে আগে থেকেই প্রশ্নপত্রগুলো কম ছিল।’ দুই-তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন বলে তিনি জানান।