প্রথম পরীক্ষককে অনুসরণ করলেন দ্বিতীয় পরীক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগে একটি বিষয়ে ১৯ শিক্ষার্থীকে প্রতিটি প্রশ্নের উত্তরে একই নম্বর দিয়েছেন দুই পরীক্ষক। এটা আসলে অনিয়ম বলে স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এতে মেধার অবমূল্যায়ন করা হয়েছে বলেও তাঁরা মনে করছেন।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রাচ্য ভাষা বিভাগের সংস্কৃত বিষয়ের দ্বিতীয় বর্ষের ফলাফল সম্প্রতি প্রকাশিত হয়। ওই বর্ষের ২০৪ নম্বর কোর্সের (গল্প সাহিত্য) ফলাফল শিট পর্যালোচনা করে দেখা গেছে, প্রথম পরীক্ষক সুপ্তিকণা মজুমদার বর্ষের ১৯ শিক্ষার্থীকে প্রতিটি প্রশ্নে যা নম্বর দিয়েছেন, হুবহু একই নম্বর দিয়েছেন দ্বিতীয় পরীক্ষক শান্তি রানী হালদার। অথচ নিয়মানুসারে প্রথম পরীক্ষক কত নম্বর দিয়েছেন, তা আগেভাগে দ্বিতীয় পরীক্ষকের জানার কথা নয়। অথচ প্রথম রোল নম্বরধারী শিক্ষার্থীকে উত্তরপত্রের পাঁচটি প্রশ্নে প্রথম পরীক্ষক সুপ্তিকণা মজুমদার দিয়েছেন যথাক্রমে ১৮, ১৬, ১০, ৪, ২২। একই পরীক্ষার্থীকে হুবহু নম্বর দিয়েছেন দ্বিতীয় পরীক্ষক শান্তি রানী হালদার। খোঁজ নিয়ে জানা যায়, শুধু এই বর্ষের প্রথম পরীক্ষার্থীর ক্ষেত্রে নয়, এমন একই ঘটনা ঘটেছে অন্য ১৮ শিক্ষার্থীর ক্ষেত্রেও। অর্থাৎ প্রথম পরীক্ষক অন্য পরীক্ষার্থীকে যেভাবে নম্বর দিয়েছেন, একইভাবে নম্বর দিয়েছেন দ্বিতীয় পরীক্ষকও, যা নজিরবিহীন বলে অনেকে মন্তব্য করেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইনে ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে জানতে দ্বিতীয় পরীক্ষক শান্তি রানী হালদারের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়। অন্যদিকে প্রথম পরীক্ষক সুপ্তিকণা মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁকেও পাওয়া যায়নি।প্রাচ্য ভাষা বিভাগের দ্বিতীয় বর্ষের পরীক্ষা কমিটির চেয়ারম্যান দীপংকর শ্রীজ্ঞান বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘এটা কীভাবে হলো, তা ওই দুই পরীক্ষকই ভালো জানবেন। আবার এটি কাকতালীয়ও হতে পারে। পরীক্ষা কমিটির এতে কিছু করার নেই। তাঁরা যা নম্বর দিয়েছেন, তা-ই আমরা প্রকাশ করেছি।’বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথম পরীক্ষকের দেওয়া নম্বরের সঙ্গে দ্বিতীয় পরীক্ষকের দেওয়া নম্বরের হুবহু মিল হওয়ার কথা নয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া দরকার।বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মোজাফফর হোছাইন প্রথম আলোকে বলেন, ‘এখন পর্যন্ত আমার কাছে এ রকম কোনো অভিযোগ আসেনি। অভিযোগ এলে বিষয়টি দেখা হবে।’